আন্তর্জাতিক

বিদায়ের আগে কিউবা বিষয়ে ব্যবস্থা নিতে চাই: ট্রাম্প

বিদায়ের আগে কিউবা বিষয়ে ব্যবস্থা নিতে চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা ইস্যুর সমাধান করতে চান ডোনাল্ড ট্রাম্প। এজন্য দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। একই সঙ্গে এই পরিকল্পনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার ১২ নভেম্বর রিপাবলিকান সমর্থক ও রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমি বিদায় নেওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই। এই ক্ষেত্রে আমাদের একজন অত্যন্ত যোগ্য ও প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, তিনি মার্কো। আপনারা জানেন, মার্কোর বাবা-মা কিউবা থেকে এসেছেন। তাই তিনিও এই বিষয়ে আগ্রহী হবেন।

ট্রাম্পের এমন বক্তব্যে কিউবার বিরুদ্ধে তার প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। এর আগে একাধিকবার দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শাসনব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। তবে এবারই প্রথম কিউবা ইস্যুতে নিজের প্রেসিডেন্ট মেয়াদের শেষ হওয়ার আগের সময়সীমার কথা স্পষ্টভাবে উল্লেখ করলেন। চলতি বছরের মার্চে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার ‘সম্মান’ তার ভাগ্যে জুটতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে কিউবায় সামরিক পদক্ষেপের সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবান-আমেরিকানদের প্রসঙ্গ টানেন। বিশেষ করে ফ্লোরিডায় তাকে ভোট দেওয়া কিউবান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যই তিনি কিউবার বিষয়ে পদক্ষেপ নিতে চান বলে জানান। ট্রাম্প বলেন, কিউবায় নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হয়ে যারা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের জন্যই তিনি এই উদ্যোগ নিতে চান।

এদিকে কিউবার ওপর ট্রাম্প প্রশাসনের চাপও ক্রমাগত বাড়ছে। গত ডিসেম্বরে তার নির্দেশে কিউবার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এর কিছুদিন পরই কিউবার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এর ফলে দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মক সংকটে পড়ে এবং দ্বীপটিতে মানবিক পরিস্থিতির অবনতি ঘটে।

বিষয়:কিউবা ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…