ফুটবল

দর্শকদের ‘মন জয়’ করতে সাফের সাথে কাজ করবে বাফুফে

দর্শকদের ‘মন জয়’ করতে সাফের সাথে কাজ করবে বাফুফে

বৃহস্পতিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। টিকিটের দাম নিয়ে দর্শক ও আয়োজকদের মাঝে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। সেটি থাকবে না বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। বলেছেন, দর্শকদের মন জয় করতে সাফের সাথে কাজ করবে বাফুফে। 

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে প্লেট পর্বে রানার্সআপ হওয়া দলকে সংবর্ধনা দেয় বাফুফে। পরে টিকিটের মূল্য বেশি কিনা, গ্যালারি ফাঁকা থাকলে বাংলাদেশ ফুটবলের দুর্নাম হবেন কিনা, বাফুফের জন্য সেটা বিব্রতকর কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন তাবিথ আউয়াল।

সার্বিক বিষয় নিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সর্বোচ্চ সহযোগিতা করবে সাফের সাথে। একসাথে কাজ করে দর্শকদের মন জয় করব আমরা। অন্য ম্যাচে কী হয় সেই দায়িত্ব নিতে পারছি না। তবে বিশ্বাস করি, বাংলাদেশ যে ম্যাচগুলো খেলবে, সেই ম্যাচগুলোতে অবশ্যই দর্শকদের, টিকিট কাটা দর্শকদের পরিমাণ বাড়তে দেখবেন।’

‘সেমিফাইনালে কে উঠবে, কে ফাইনালে খেলবে, আমরা জানি না। অনেক সময় দর্শকরা হয়তো অপেক্ষা করে। ওই সময় কোন ম্যাচ দেখব সেটার জন্য তারা অপেক্ষায় থাকে। এটা আমি ধারণা করছি। এটা আমার কোন টেকনিক্যাল তথ্য নাই। কিন্তু বিশ্বাস করি, বাংলাদেশ ম্যাচে স্টেডিয়াম খালি থাকবে না। বাকি ম্যাচগুলার ব্যাপারে আমার কোন মন্তব্য নাই।’

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। ইতিমধ্যে দেশটি বাংলাদেশে পা রেখেছে। বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মঙ্গলবার তারাও বাংলাদেশে এসে পৌঁছেছে। গ্রুপপর্বে বাংলাদেশের দুটি ম্যাচই হবে রাত ৮টায়।

বিষয়:তাবিথ বাফুফে বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…