ফুটবল

ভুটানের বিপক্ষে পুরো তিন পয়েন্ট চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে পুরো তিন পয়েন্ট চায় বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের আসর শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর থেকে। বাংলাদেশে বসতে যাওয়া এ আসরের প্রথম দিনে খেলতে নামবে বাংলাদেশ। লাল সবুজের প্রতিনিধিদের প্রথম প্রতিপক্ষ ভুটান। এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট চান বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি। 

সোমবার অনুশীলনে যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে ভুটান ম্যাচের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের জার্মান কোচ তার এমন পরিকল্পনার কথা জানান।

ভুটান ম্যাচের পরিকল্পনা কি এমন প্রশ্নের উত্তরে থমাস ডুলি জানান, ‘সাফ চ্যাম্পিয়নশিপের আগে আমাদের হাতে আরও দুই দিন সময় আছে। তবে পরিকল্পনা কী, তা তো বলেই দিয়েছি। আমাদের পরিকল্পনা হলো ম্যাচটি জেতা, এটাই আমাদের পরিকল্পনা।’

‘এই ম্যাচ থেকে আমাদের তিন পয়েন্ট দরকার এবং তা বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আপনারা কি মনে করেন, আমরা কীভাবে খেলব তা আগে থেকে বলে দেব? ভূটান দল সম্পর্কে আপনারা কি কোনো মূল্যায়ন করেছেন? যাক, তাদের কথা বলতে দিন।’

সাফের আগে নতুন কোনো খেলোয়াড় দলে যোগ করবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডুলি বলেন, ‘সাফের নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট দিনের মধ্যে তালিকায় ২৮ জন খেলোয়াড় রাখতে হবে এবং সেই দিনের পর আপনি আর কোনো খেলোয়াড় যোগ করতে পারবেন না। তাদের নিয়ম এবং সবকিছু দেখা উচিত। আমাকে সত্যিই দল এবং এই সমস্ত বিষয়ের দিকে মনোযোগ ধরে রাখতে হবে এবং সমস্যাগুলো মোকাবেলা করার একটি উপায় খুঁজে বের করতে হবে।’

‘এখন আমাদের হাত বাঁধা, আমরা কিছু করতে পারছি না। আর সেটাই হওয়া উচিত। জানেন তো, সাফের নিয়মগুলো কী। এ বিষয়ে আপনাদের সেই ধরণের গবেষণা থাকা উচিত। তাই এ কারণেই, আমি এ বিষয়ে কোনো উত্তর দিতে পারছি না।’

এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ৫ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে আসরটি।

বিষয়:ডুলি বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা সাফ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…