রোনানের ‘চোটে’র খরব আগে থেকে জানতাম না: বাংলাদেশ কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের বাকি মাত্র দুদিন। তার আগে জানা গেল প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রোনান বেঞ্জামিন সুলিভান খেলতে আসছেন না। কারণ তার চোট সেরে ওঠেনি। রোনানের যে চোট আছে সেটি আগে থেকে জানতেন না বাংলাদেশ কোচ থমাস ডুলি।
সোমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার আগে সংবাদমাধ্যমে রোনানের পরিবর্তিত খেলোয়াড় কে হতে পারেন, ভুটানের আগেভাগে বাংলাদেশে আসাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডুলি। বলেন, আপনারা যেটা জানেন আমিও সেটাই জানি। চোট সংক্রান্ত কোন তথ্য আমার জানা ছিল না।
রোনানের চোট সম্পর্কে আগে থেকে জানতেন কিনা প্রশ্নে ডুলি বলেছেন, ‘না। আপনারাও যে খবর পেয়েছেন, আমিও ঠিক সেই খবরই পেয়েছি যে তার চোট আছে এবং সে আসতে পারছে না। তাই এমন বিষয় নিয়ে ভাবি না, যা বদলাতে পারি না। জানেন তো, যদি পরিস্থিতি বদলাতে না পারি, তবে তা নিয়ে কেন ভাববো?’
‘সুতরাং, যদি এমন সমস্যা থাকে যে চোটের কারণে সে আসতে পারছে না, আশা করি সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরে আসবে। এরপর তাকে নিয়ে আর ভাবছি না যে দলে যোগ দেবে কী দেবে না। চোটের কারণে খেলতে না পারলে আমাদের সেই পরিস্থিতি সামলাতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে। এটাই বাস্তব।’
দলে পরিবর্তিত কোন খেলোয়াড় অর্ন্তভুক্ত হচ্ছে কিনা প্রশ্নে ডুলি বলেন, ‘সেই সুযোগ নেই। আমরা ১০ জন নিয়ে খেলছি না, আমরা ১১ জনের বিরুদ্ধে ১১ জন খেলছি। তাই আমাদের নাম্বার নাইন পজিশনে কাউকে না কাউকে রাখতেই হবে। আমরা এশিয়ান কাপে কোন নির্দিষ্ট নাম্বার নাইন ছাড়াই খেলেছিলাম।’
‘সাফ চ্যাম্পিয়নশিপেও আমাদের একজন নির্দিষ্ট নাম্বার নাইন ছাড়াই খেলতে হতে পারে। তাহলে আমাদের সামনে কী বিকল্প আছে? আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যিনি নাম্বার নাইন পজিশনে খেলতে পারেন এবং তার থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে হবে।’
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথমদিনে খেলতে নামবে বাংলাদেশ। আসরে ৫ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। খেলা হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ইতিমধ্যে বাংলাদেশে এসেছে ভুটান দল।






