প্রবাস সংবাদ

ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, প্রভাব পড়েছে ফিনল্যান্ডেও

ইউরোপের সুপারমার্কেটে সাইবার হামলা, প্রভাব পড়েছে ফিনল্যান্ডেও

ছবি: সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনায় ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়েছে। সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ফ্রান্সের পর এবার ফিনল্যান্ডের কয়েকটি সুপারমার্কেটেও শীতলীকরণ যন্ত্রে অস্বাভাবিক ত্রুটি দেখা দিয়েছে। তবে ফিনল্যান্ডের ঘটনাগুলোর সঙ্গে সাইবার হামলার সরাসরি যোগসূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এতে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ ও কোপের কয়েকটি দোকানও এই হামলার শিকার হয়েছে।

সুইডিশ সংবাদমাধ্যম আফটনব্লাডেটের তথ্য অনুযায়ী, ফ্রিজ ও ফ্রিজার অচল হয়ে যাওয়ায় নষ্ট হওয়া এবং যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব না হওয়া পণ্য ফেলে দিতে বাধ্য হন কর্মীরা। দেশটির স্যোবো এলাকার আইসিএর এক দোকানমালিক জানিয়েছেন, হ্যাকিংয়ের কারণে তাদের ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

এ ছাড়া বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন আহোল্ড ডেলহাইজের কয়েকটি দোকানেও ফ্রিজ ও ফ্রিজারের কার্যক্রমে প্রভাব ফেলেছে একটি আইটি-সংক্রান্ত ঘটনা। গত মাসে ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে।

এবার ফিনল্যান্ডের কয়েকটি সুপারমার্কেটেও শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে। দেশটির খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কেসকোর পরিচালিত কয়েকটি ছোট দোকানে এ সমস্যা দেখা দেয়। হেলসিঙ্কির কে-মার্কেট ব্র্যান্ডের লঙ্কান হারক্কু দোকানেও রোববার রাতে কয়েকটি শীতলীকরণ যন্ত্রে ত্রুটি দেখা যায়।

দোকানটির মালিক সামি মুস্তোনেন জানান, সমস্যাটি এক থেকে দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। এ সময় কয়েকটি শীতলীকরণ যন্ত্র অকার্যকর হয়ে পড়ে। তবে কী কারণে এ সমস্যা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

কেসকোর নিরাপত্তা বিভাগের প্রধান পেত্রি কায়হকো জানিয়েছেন, এটি বড় ধরনের কোনো বিপর্যয় নয়। অল্পসংখ্যক দোকান এ সমস্যায় পড়েছে। এসব দোকানের ফ্রিজ ও ফ্রিজার কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থার আওতাভুক্ত ছিল না। সংশ্লিষ্ট দোকানগুলো ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ফিনল্যান্ডের সংবাদমাধ্যম উলেকে কায়হকো বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নেটওয়ার্ক-সংক্রান্ত কোনো বিঘ্নের কারণে এ সমস্যা হয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, ফিনল্যান্ডের সাইবার নিরাপত্তা কেন্দ্রের আইটি নিরাপত্তা বিশেষজ্ঞ রনি কোক্কোলা জানিয়েছেন, অল্পসংখ্যক দোকানের শীতলীকরণ যন্ত্র সরাসরি উন্মুক্ত ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ছিল।

তিনি বলেন, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সব ডিভাইস নিয়মিত হালনাগাদ করা এবং যথাযথ নিরাপত্তার আওতায় রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয়:যুক্ত ডিভাইস সাইবার হামলা সুপারমার্কেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…