আন্তর্জাতিক

ফাঁস হওয়া রসস্ট্যাট নথিতে ইউক্রেন যুদ্ধে রুশ নিহত সাড়ে চার লাখ

ফাঁস হওয়া রসস্ট্যাট নথিতে ইউক্রেন যুদ্ধে রুশ নিহত সাড়ে চার লাখ

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় এযাবৎ কতজন নিহত হয়েছেন তা নিয়ে মস্কো কখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। এবার রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি থেকে একটি আভাস মিলেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত অন্তত সাড়ে চার লাখ রুশ নাগরিক নিহত হয়েছেন; যাদের বেশির ভাগই সেনাসদস্য।

ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) হিসাবে, দেরিতে নথিভুক্ত মৃত্যু যোগ হলে সংখ্যাটি সাড়ে পাঁচ লাখের কাছাকাছি যেতে পারে। রাশিয়ায় একেকটি মৃত্যু সরকারি পরিসংখ্যানে লিপিবদ্ধ হতে কয়েক মাস, কখনো কয়েক বছরও লেগে যায়। গত শনিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়।

হ্যাকারদের দাবি, রসস্ট্যাটের অস্বীকার:

বেলারুশের সাইবার পার্টিজানস ও ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী ১লা নভেম্বর জানায়, তারা রসস্ট্যাটের নেটওয়ার্কে ঢুকেছে। গোষ্ঠী দুটি কয়েকটি সংবাদমাধ্যমকে তথ্য দেয় এবং নিজেদের বিশ্লেষণও প্রকাশ করে। রসস্ট্যাট বলছে, ২৯ অক্টোবর থেকে ১লা নভেম্বরের মধ্যে তাদের ওপর সাইবার হামলা হয়েছিল, তবে ডেটাবেইস হ্যাক বা সুরক্ষিত তথ্য ফাঁসের প্রমাণ মেলেনি।

ফাঁস হওয়া তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে একাধিক সংবাদমাধ্যম ও বিশ্লেষক নথিগুলোকে আসল বলেই মনে করছেন। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ ইয়ানিস ক্লুগে এক্সে লিখেছেন, ডেটাবেইসের প্রামাণিকতা নিয়ে আর সন্দেহ নেই, কারণ সাম্প্রতিক বছরে মারা যাওয়া পরিচিত যে কারও তথ্য সেখানে আছে। সংখ্যা বাড়িয়ে দেখানোর জন্য কারসাজি হয়ে থাকলে তা ধরা পড়ার কথা, কারণ এমন কাজ অত্যন্ত কঠিন বলে তাঁর মত।

নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধ-সংশ্লিষ্ট বলা হয়েছে। মরদেহ না মেলায় আদালতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত হয়েছে আরও ৪২ হাজার কর্মক্ষম বয়সী পুরুষের। ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) যুদ্ধক্ষেত্রের আশপাশে নিহত আরও ১২ হাজার পুরুষকে সম্ভাব্য সামরিক হতাহত হিসেবে ধরেছে। সব মিলিয়ে অঙ্কটি দাঁড়ায় অন্তত সাড়ে চার লাখে।

রক্তক্ষয়ী ফ্রন্ট:

অবস্থান জানা নিহতদের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মারা গেছেন দোনেৎস্কের আভদিভকা ও পোকরভস্ক এলাকায়। বাখমুতে মারা গেছেন আরও ৪৮ হাজার। রুশ বাহিনী ২০২৩ সালের মে মাসে ওয়াগনার গ্রুপের সঙ্গে মিলে বাখমুতের নিয়ন্ত্রণ নেয়। আভদিভকা তাদের দখলে আসে ২০২৪ সালে, আর দীর্ঘ লড়াইয়ে প্রায় ধ্বংসস্তূপ হয়ে যাওয়া পোকরভস্ক ২০২৬ সালের শুরুতে।

প্রান্তিক অঞ্চলের মানুষের বড় ক্ষতি:

নিহতদের বড় অংশ বয়স্ক পুরুষ। যুদ্ধের প্রথম বছরে ২০২২ সালে নিহতদের গড় বয়স ছিল ৩৪, ২০২৫ সালে তা ৪০ বছরে পৌঁছায়। সবচেয়ে বেশি, প্রায় ১ লাখ ৫৮ হাজার নিহতের বয়স ৩৫ থেকে ৪৪ বছরের মধ্যে। ক্ষয়ক্ষতির ভার পড়েছে দরিদ্র ও জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের ওপর। দক্ষিণ সাইবেরিয়ার জাবাইকালস্কি ক্রাইয়ে, যেখানে আদিবাসী বুরিয়াতদের বাস, নিহত হয়েছেন প্রায় ১২ হাজার ৩০০ জন, অর্থাৎ প্রতি ৮০ জনে একজন। বাশকোরতোস্তানে নিহত হয়েছেন ১৫ হাজার ৮০০ জন।

বিদেশি যোদ্ধাদের মৃত্যু:

ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) হিসাবে রুশ বাহিনীতে লড়তে গিয়ে ৪ হাজার ১৪১ বিদেশি নাগরিকের মৃত্যুর সম্ভাব্য তথ্য মিলেছে। রাশিয়ার বাইরে জন্ম নেওয়াদেরও ধরলে ব্লুমবার্গের হিসাবে সংখ্যাটি ১১ হাজার ৩৩৫। ব্লুমবার্গের তথ্যে, বিদেশি যোদ্ধার মৃত্যু ২০২২ সালের প্রায় ৬৩০ থেকে ২০২৫ সালে বেড়ে ৫ হাজার ৫০০ ছাড়িয়েছে। এফটির হিসাবে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নিহত উজবেকিস্তানের (৮০৭) ও তাজিকিস্তানের (৫৯৮) নাগরিক। কলম্বিয়ার ৯৮ ও নেপালের ৪৪ জনও আছেন। ২০২৪ সালে কুরস্কে প্রায় ১৪ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের কথা বলেছিলেন ইউক্রেনীয় কর্মকর্তারা, তবে নথিতে তাঁদের মৃত্যুর তথ্য নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার অনেক নাগরিককে ভালো বেতনের বেসামরিক চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তারা জানান, দেশটির এক হাজারের বেশি নাগরিক নিয়োগ পেয়েছেন, যাঁদের মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, ১৩৬টি দেশের প্রায় ২৮ হাজার বিদেশি রুশ বাহিনীতে লড়ছেন। জোর করে নিয়োগের অভিযোগ মস্কো অস্বীকার করেছে।

যুদ্ধের জন্য কী বার্তা:

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে, তথ্য সংগ্রহের সীমাবদ্ধতার কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জুলাই পর্যন্ত রুশ সেনা হতাহতের সংখ্যা নতুন নিয়োগকেও ছাড়িয়ে গেছে, যা সেনাসংকটের ইঙ্গিত দেয়।
মস্কো টাইমসকে ক্লুগে বলেন, নিহতের সংখ্যা রাশিয়ার কর্মক্ষম জনসংখ্যার প্রায় অর্ধ শতাংশ। তাই অর্থনীতিতে প্রভাব খুব বেশি না হলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব বড়। তাঁর ভাষ্য, এত বিপুল জনসংখ্যা হারালে রাশিয়া যুদ্ধে জিতছে, তা বলা যায় না।

বিষয়:ইউক্রেন নিহত ফাঁস যুদ্ধ রসস্ট্যাট রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…