জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, একজনের পা বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকার সৌলাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত সোহরাব হোসেন (৫২) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জয়পুরহাটগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। সংঘর্ষে এনামুল হকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত এনামুল হক ও সোহরাব হোসেনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই এনামুল হকের মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমায়েদুল জাহেদী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।





