নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ২
ধ্বংসস্তূপে আটকে অনেকে

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় নির্মাণাধীন একটি প্রকল্পের পাশে ভবনটি ধসে পড়ে।
ভবনটিতে আবাসিক অ্যাপার্টমেন্টের পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ধসের পর ভবনের ইট ও কাঠের ধ্বংসাবশেষ পাশের নির্মাণস্থলের গর্তে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানান।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার অভিযান কয়েক দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের প্রধান জন এসপোসিতো বলেন, কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারকর্মীরা হাতের পাশাপাশি করাত ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। জীবিত কেউ আটকে আছেন কি না, তা খুঁজতে কাজে লাগানো হচ্ছে প্রশিক্ষিত কুকুরও। রাত নামার পর টর্চের আলোয় উদ্ধার অভিযান চালিয়ে যান তারা।
এদিকে ভবনটির বাসিন্দা অ্যান্ডারসন ভেলেজ নিউইয়র্ক পোস্টকে জানান, ভবন ধসের সময় তিনি কর্মস্থলে ছিলেন। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। সন্তান দুটির বয়স ৭ ও ২ বছর। ধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী ফোন করে সাহায্য চান। ছেলেকে উদ্ধারের আকুতি জানাতে জানাতেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনি জানতে পারেন, তার পরিবারের সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে।
নির্মাণ প্রকল্পের জন্য ভবনটির পাশের একটি একতলা স্থাপনা আগে ভেঙে ফেলা হয়েছিল। সেখানে খননকাজ চলছিল। ভবনটি ধসে পড়ার পর পাশের আরেকটি ভবনের দেয়ালের একাংশও ভেঙে যায়। এতে ওই ভবনের ভেতরের কক্ষগুলো বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেয়র মামদানি উদ্ধারকাজে নিয়োজিত কর্মী ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের প্রতি সমবেদনা জানান।






