হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

কালজয়ী কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। নন্দিত এই লেখকের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে তাকে স্মরণ করবে চ্যানেল আই।
টেলিভিশনের পর্দায় তার নির্মিত চলচ্চিত্রের গান ও সিনেমা প্রচারের পাশাপাশি থাকছে বইমেলা এবং বিশেষ উদ্যোগ।
জন্মদিনের সকালে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’তে হুমায়ূন আহমেদকে স্মরণ করে সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী প্রান্তি, অর্থি ও ইমরান খন্দকার। তাদের কণ্ঠে শোনা যাবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের জনপ্রিয় গান।
দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও উপভোগ করা যাবে তার পরিচালিত সিনেমার গান।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন। ১৩, ১৪ ও ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা। এতে হুমায়ূন আহমেদের লেখা বই ৩০ শতাংশ কমিশনে কিনতে পারবেন পাঠকরা।
এদিকে চ্যানেল আই অনলাইনের বিশেষ আয়োজন ‘আমার হুমায়ূন’-এ উঠে আসবে নন্দিত এই লেখককে ঘিরে নানা স্মৃতি, ভালো লাগা ও ব্যক্তিগত অনুভূতি। তার সাহিত্য ও নির্মাণের সঙ্গে যুক্ত মানুষ এবং পাঠক-দর্শকদের কাছে হুমায়ূন আহমেদকে নতুন করে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য।
জন্মদিনের আগের দিন (১২ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হাস্যরসাত্মক এই সিনেমার পুরো দৃশ্যধারণ করা হয়েছে নুহাশ পল্লীতে। এতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীনসহ অনেকে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এমন এক নাম, যার সৃষ্টি কয়েক প্রজন্মের পাঠক ও দর্শককে মুগ্ধ করে রেখেছে। উপন্যাসের চরিত্র থেকে নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প থেকে গানের কথা, সবখানেই রয়েছে তার স্বতন্ত্র স্বাক্ষর। ৭৮তম জন্মবার্ষিকীতে তাই তার সৃষ্টিকে ঘিরেই সাজানো হয়েছে চ্যানেল আইয়ের এবারের আয়োজন।






