বিনোদন

একুশে বইমেলার আগমনী বার্তা দিচ্ছে হুমায়ূনের বইমেলা

হুমায়ূন আহমেদকে ঘিরে- চ্যানেল আই ও অন্য প্রকাশের তিন দিনের বই মেলার উদ্বোধনে ফরিদুর রেজা সাগর

একুশে বইমেলার আগমনী বার্তা দিচ্ছে হুমায়ূনের বইমেলা

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে চ্যানেল আই ও প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।

চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের জন্মদিন ও বইমেলা উপলক্ষে প্রথমে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করা হয়। এ আয়োজনকে ঘিরে লেখক, শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা স্মরণ করেছেন হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের কথা। বইমেলায় উপস্থিত হয়ে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, হুমায়ূন আহমেদ এমন একজন লেখক, যিনি বাঙালির অন্তর স্পর্শ করেছেন। একজন লেখককে যথাযথভাবে বিচার করতে হলে তার সব লেখা পড়তে হয়। হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা মৃত্যুর পর কমেনি, বরং বেড়েছে। বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে তিনি মিশে গেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে তিনি অমর হয়ে থাকবেন। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবদান অবিস্মরণীয়। তার সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। চ্যানেল আইয়ের সঙ্গে হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।

চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর জাহিদ নেওয়াজ খান বলেন, হুমায়ুন আহমেদ সবার অত্যন্ত প্রিয় একজন লেখক। চ্যানেল আই ও হুমায়ূন আহমেদ যেন একে অপরের পরিপূরক। তার ৭৮তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে চ্যানেল আই।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন বলেন, হুমায়ূন আহমেদ তার সৃষ্টিকর্মের মাধ্যমে দেশের সাংস্কৃতিক জগৎকে উদ্ভাসিত করেছেন। মৃত্যুর পরও তার বইয়ের নতুন পাঠক তৈরি হচ্ছে। তিনি একজন অমর লেখক।

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, বইমেলা মানুষের উপকারে আসে। বই পড়া অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, এটি কোনো বিলাসিতা নয়।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি রাজু আলীম বলেন, হুমায়ুন আহমেদ তার লেখনী ও কর্মের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকবেন।

এদিকে বইমেলা প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, একুশে বইমেলা আসছে জানুয়ারিতে তাই হুমায়ূন আহমেদকে ঘিরে আয়োজিত এই বইমেলাকে আগমনী বইমেলা বলা যেতে পারে। তিনি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে বইমেলায় আসার আহ্বান জানান।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণে চলবে তিন দিনব্যাপী এ বইমেলা। চ্যানেল আই ও অন্যপ্রকাশের এ আয়োজনে পাঠকেরা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন।

বিষয়:অন্য প্রকাশ আমার হুমায়ূন চ্যানেল আই জন্মদিন বই মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…