‘যাপিত জীবন’ দেখে কখনও হেসেছি, কখনও কেঁদেছি: রুমিন ফারহানা

দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ সপরিবারে দেখার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও রাজনীতিবিদ রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ ধরনের সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও আত্মত্যাগের কথা জানানো সম্ভব।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে ‘যাপিত জীবন’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শেষে সিনেমাটি নিয়ে নিজের অভিব্যক্তি জানান রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, যাপিত জীবন সপরিবারে দেখবেন। এটা তেমনই সিনেমা। এমন সিনেমা আরও নির্মিত হোক। দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট নিয়ে এই সিনেমা নির্মিত হয়েছে, আমি বলব এই ইতিহাসগুলো আরও সিনেমায় আসা উচিত।
পরিচালক ও প্রযোজকদের উদ্দেশে রুমিন ফারহানা আরও বলেন, এই ধরনের সিনেমা আরও বানাবেন। তাহলে আমাদের নতুন প্রজন্মকে জানাতে পারবেন কত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ।
সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানিয়ে রুমিন বলেন, সিনেমা দেখে আমি কখনো হেসেছি, কখনো কেঁদেছি। আমার কাছে অপূর্ব সিনেমা মনে হয়েছে।
নিজের ইতিহাস জানার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, আমার জন্ম ১৯৮১ সালে। আমার পূর্বের ইতিহাস জানার জন্য বিভিন্ন বই পড়ি। মানুষের কাছে ইতিহাস জানানোর সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। আমি চাই, এই ধরনের সিনেমায় ইতিহাস ও সত্য উঠে আসুক।
রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সিনেমার প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাজনীতির মানুষ হলেও আমি সিনেমা ভালোবাসি। বনলতা এক্সপ্রেসের জন্য আমি রাস্তায় নেমেছি। সবসময় আমি ভালো সিনেমার পক্ষে।
সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ‘যাপিত জীবন’ সিনেমাটি আগামী ২০ নভেম্বর দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনে উপন্যাস অবলম্বনে। এতে উঠে এসেছে দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস ও মানুষের জীবনসংগ্রাম।
হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, ভাবনা, রওনক হাসান, মৌসুমি হামিদ, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।






