বিনোদন

যুক্তরাষ্ট্র থেকে ছেলে ফিরলে দাফন, হিমঘরে নাসিমা খানের মরদেহ

যুক্তরাষ্ট্র থেকে ছেলে ফিরলে দাফন, হিমঘরে নাসিমা খানের মরদেহ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তার ছেলে দেশে ফেরার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান এ তথ্য জানিয়েছেন।

সনি রহমান জানান, গতকাল রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে নাসিমা খানের মরদেহ উত্তরার লুবনা হাসপাতাল থেকে উত্তরার মারকাজুতে নেওয়া হয়। সেখানে গোসল করানোর পর ফ্রিজিং গাড়িতে করে মরদেহ রাখা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে তার মরদেহ একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ছেলে দেশে ফেরার আগ পর্যন্ত সেখানেই থাকবে মরদেহ।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসিমা খান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের অন্যতম নাসিমা খানের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে। ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে জনপ্রিয়তা পান তিনি। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের ভালোবাসা পাওয়া নাসিমা খানকে সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায়। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম কালজয়ী কিংবদন্তি কুসুম কুসুম প্রেম নাসিমা খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…