বিনোদন

যে সিনেমায় ইতিহাসের মুখোমুখি আফজাল হোসেন

দেশপ্রেমের গল্পে নির্মিত ‘যাপিত জীবন’ দিয়ে পর্দায় আসছেন এই কিংবদন্তি অভিনেতা

যে সিনেমায় ইতিহাসের মুখোমুখি আফজাল হোসেন

“শুধু বিনোদনের জন্য নয়, ইতিহাস জানা এবং মানুষকে সংবেদনশীল করে তোলার জন্যও সিনেমা নির্মিত হওয়া প্রয়োজন।”- দেশপ্রেম, ইতিহাস ও মানুষের জীবনবোধ নিয়ে সিনেমা নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সম্প্রতি এভাবেই বলেন অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন।

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এমন উপলব্ধির কথা জানান এই কিংবদন্তি অভিনেতা।

গেল বছর ‘তাণ্ডব’-এ মন্ত্রীর চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন আফজাল হোসেন। এবার মুক্তি পাচ্ছে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সিনেমা ‘যাপিত জীবন’। সিনেমায় সোবহান চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে। ২০ নভেম্বর সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে আফজাল হোসেন বলেন, সাধারণত আমাদের দেশের মানুষ সামনে-পেছনে কোনো দিকেই তাকায় না। এই সিনেমা পেছনে তাকানোর গল্প, পেছনে তাকিয়ে এগিয়ে যাওয়ার গল্প। আমরা যারা চরিত্রে অভিনয় করেছি, সবারই খুব ভালো লেগেছে।

সিনেমাটির শুটিং হয়েছে রাজবাড়ি জেলায়। এতে আরও অভিনয় করেছেন ভাবনা, রওনক হাসান, মৌসুমী হামিদ, ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, মামুনুর রশীদ, সমাপ্তি, মিলি মুন্সী তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

নিজের বয়সী দর্শকদের জন্য সিনেমাটিকে আবেগপূর্ণ ঐতিহাসিক গল্প উল্লেখ করে আফজাল হোসেন বলেন, নির্মাতা সেই সময়টাকে পর্দায় তুলে আনার সাহসী উদ্যোগ নিয়েছেন।

তার ভাষায়, “সবাই চান তার সিনেমা দেখতে মানুষ হলে ছুটে আসুক। কিন্তু নির্মাতা দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করতে গিয়ে দর্শক হলে আসবে কি না, সেটি ভাবেননি। এ জন্য আমি তাকে সাধুবাদ জানাই। খুব আন্তরিকতার সঙ্গে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। চেষ্টা করা হয়েছে গল্পটিকে বিশ্বাসযোগ্য করে তোলার।

দেশপ্রেম নিয়ে সিনেমা, গান ও কবিতা নির্মাণ এবং সেসব কাজের চর্চা নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার মতে, মুখে দেশপ্রেমের কথা বলা হলেও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত শিল্পকর্ম নিয়ে যথেষ্ট আলোচনা হয় না।

আফজাল হোসেন বলেন, আমাদের দেশে দেশপ্রেম নিয়ে প্রচুর গান রয়েছে। খেয়াল করে দেখবেন, মানুষ যখন দেশপ্রেম নিয়ে বেশি কথা বলতে শুরু করেছে, তখন থেকেই দেশপ্রেম নিয়ে সিনেমা, গান, কবিতা তৈরি হওয়া কমে গেছে। শুধু মুখেই দেশপ্রেমের কথা। যখন এমন গল্প নিয়ে ভিন্নধর্মী সিনেমা নির্মিত হয়, আমরা কি তা নিয়ে চর্চা করি? শুধু এই সিনেমা নয়, আমি অন্যান্য সব সিনেমার কথাও বলছি। আমি তো দেখিনি, এ ধরনের কাজগুলো নিয়ে খুব একটা আলোচনা হতে। যদি হতো, তাহলে মানুষ কৌতূহল নিয়ে সিনেমাটি দেখতে যেত।

‘যাপিত জীবন’-এর গল্পের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, এটি কোনো কাল্পনিক চরিত্রের গল্প নয়; বরং ইতিহাসের বাস্তব ঘটনা থেকে উঠে আসা মানুষের জীবনযাপনের গল্প। এক দেশ থেকে পালিয়ে এসে অন্য দেশে বসতি গড়া একটি পরিবারের জীবন, মানসিকতা ও বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।

আফজাল হোসেনের মতে, চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাস জানার এমন সুযোগ দর্শকদের গ্রহণ করা উচিত। শুধু আনন্দ-বিনোদনের জন্য নয়, মানুষের জীবনবোধ ও সংবেদনশীলতা তৈরিতেও সিনেমার ভূমিকা রয়েছে। তিনি বলেন, এই সিনেমা এমন একটি সুযোগ, যার মাধ্যমে চলচ্চিত্রের মধ্য দিয়ে ইতিহাসকে জানা যাবে। শুধু আনন্দ-বিনোদনের জন্যই নয়, মানুষ কীভাবে বাঁচবে, সে ধরনের সিনেমাও তৈরি হওয়া প্রয়োজন। মানুষকে বেঁচে থাকতে হলে সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ হতে হবে। এই সিনেমার মধ্যে তা রয়েছে। এটি দেশপ্রেম ও দায়িত্বশীলতার গল্প।

নিজের অভিনয়জীবনে ‘যাপিত জীবন’কে বিশেষ কাজ উল্লেখ করে এই অভিনেতা বলেন, আগে এ ধরনের সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা তার হয়নি। সিনেমাটির সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনয়শিল্পী নিজেদের জায়গা থেকে আন্তরিক চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে আফজাল হোসেন বলেন, “আমরা শুধু বলি, দেশে কবিতা, উপন্যাস, গান ও সিনেমা হচ্ছে না। কিন্তু আমরা পড়ি না, শুনি না, দেখি না বলেই এগুলো হচ্ছে না। দোষারোপ করার আগে ভাবি না, এখানে আমার ভূমিকা কী?”

সরকারি অনুদানে নির্মিত হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’-এর প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।

বিষয়:আফজাল হোসেন আশনা হাবিব ভাবনা ইমপ্রেস টেলিফিল্ম ভাবনা যাপিত জীবন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…