ব্রাজিলিয়ান সাবেক রোনালদিনহো বার্সেলোনায় খেলেছিলেন পাঁচ বছর। সেসময় কাতালানদের হয়ে নিজেকে উজাড় করে দেয়া তারকার ছেলে জোয়াও মেন্ডেজ এবার নাম লেখাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে।
১৭ বছর বয়সী মেন্ডেজ বার্সেলোনায় গিয়েছিলেন ট্রায়াল দিতে। অ্যাটাকিং মিডফিল্ড ও উইংয়ে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার।
সবকিছু ঠিক থাকলে বার্সেলোনাতেই যোগ দেবেন প্রতিভাবান এ ফুটবলার। বার্সার ইয়ুথ টিমে খেলে ক্যারিয়ার শুরু করবেন ন্যু ক্যাম্পে।
ছেলের প্রসঙ্গে উচ্ছ্বসিত কিংবদন্তি রোনালদিনহো বলেছেন, ‘বার্সেলোনা আমার জীবনেরই অংশ। কখনই বার্সার বাইরের কেউ ছিলাম না। আমার ছেলে বার্সেলোনায় যোগ দিলে এখন তাদের সঙ্গে আমার সম্পর্কটা আরও মজবুত হবে।’
মেন্ডেজ ব্রাজিলীয় ক্লাব ক্রুজেয়ারোর যুব দলে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। পরে বাবার জার্সি গায়ে জড়াতে ২০২২ সালে সেই ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে পাড়ি জমান স্পেনে। এবার অপেক্ষা বার্সার জার্সিতে ক্যাম্প ন্যুতে নামার।








