মুসিয়ালার চুক্তি ও স্বাস্থ্য নিয়ে বায়ার্নে প্রকাশ্য দ্বন্দ্ব

পেশির চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ২০২৬ সালে তার মাঠে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। এরই মধ্যে মুসিয়ালার চোট, পারফরম্যান্স এবং ২৫ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে বোর্ডকর্তাদের মন্তব্যে জার্মান ফুটবলে বিতর্ক ছড়িয়েছে। কর্মকর্তাদের এই অবস্থানকে বায়ার্নের জন্য অশোভন ও অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন ক্লাব অধিনায়ক জশুয়া কিমিখ।
শুক্রবার বায়ার্ন মিউনিখের মেডিকেল বিভাগ মুসিয়ালার উরুর পেশিতে চোট শনাক্ত করে। এরপর ক্লাবের পক্ষ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকার বিবৃতি দেওয়া হয়। এই চোটে ২০২৭ সালের শুরু পর্যন্ত ছিটকে যেতে পারেন তিনি এবং চলতি বছরে তার আর খেলার সম্ভাবনা নেই।
চলতি মৌসুমে স্নায়বিক সমস্যার কারণেও একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে। নতুন এই চোটের সঙ্গে পুরোনো স্নায়বিক জটিলতা যুক্ত হয়েছে তার।
মুসিয়ালার ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে কথা বলে বিতর্ক উসকে দিয়েছেন বায়ার্নের শীর্ষ কর্মকর্তারা। প্রেসিডেন্ট উলি হোয়েনেস প্রশ্ন তুলেছেন, পারফরম্যান্স চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে ক্লাব কীভাবে বিষয়টি বিবেচনা করবে।
মুসিয়ালার বার্ষিক চুক্তি ২৫ মিলিয়ন ইউরো। এই প্রসঙ্গে বোর্ড সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেন, ‘আমাদের তার পরিবার, খেলোয়াড় এবং সর্বোপরি তার এজেন্সির সাথে কথা বলতে হবে। কারণ দুঃখজনক হলেও সত্যি, বর্তমান আর্থিক অঙ্কগুলো আর টেকসই নয়। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, সে সম্ভবত তার আগের ফর্মে আর ফিরে আসতে পারবে না। আমরা সবাই চাই সে ফিরে আসুক, অবশ্যই সেরা শারীরিক অবস্থায়। কিন্তু যদি তা না হয়? সেক্ষেত্রে আমাদের আর্থিক দিকটি নিয়েও ভাবতে হবে।’
ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের এমন প্রকাশ্য অবস্থানের বিপক্ষে দাঁড়িয়েছেন অধিনায়ক জশুয়া কিমিখ। একজন খেলোয়াড়ের স্বাস্থ্য ও চুক্তিসংক্রান্ত বিষয় এভাবে প্রকাশ্যে আনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কিমিখ বলেছেন, ‘আমি যা বুঝতে পারছি না তা হলো, পুরো বিষয়টি যেভাবে জনসমুক্ষে আনা হয়েছে। কোনো খেলোয়াড়কে ক্ষতিগ্রস্ত করে এমন কিছু কখনোই হওয়া উচিত নয়। অবশ্যই, ক্লাব আমাদের খেলোয়াড়দের চেয়ে বড়, কিন্তু একজন মানুষের চেয়ে বড় নয়। এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের জন্য অশোভনীয়। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হওয়াটা স্বাভাবিক এবং আমাদের তা মেনে নিতেই হবে, এটি পেশারই একটি অংশ। কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়, যা জনসমুক্ষে না এনে ক্লাবের অভ্যন্তরীণ পর্যায়েই সমাধান করা উচিত ছিল।’






