ক্রিকেট

ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের, শিরোপা মঞ্চে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান

এশিয়া কাপ রাইজিং স্টারস

ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের, শিরোপা মঞ্চে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান

কাতারে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ এ দল। শাহাদাত হোসেন দীপুর সেঞ্চুরিতে লড়াইয়ের পূঁজি পেয়েছিল। তবে লড়াই জমাতে পারেননি বোলাররা। সাবলীল ব্যাটিংয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান এ দল। শিরোপা মঞ্চে শ্রীলঙ্কার মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের সব খেলা দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ এ দল। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান করে সাইফ হাসানের দল। জবাবে নেমে ৪৫.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে আব্দুল সামাদের দল।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২১ রানে দুই ওপেনারকে হারায় তারা। শামিল হুসাইন (১৪) এবং মাজ সাদাকাত (৬) ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে শাহজাইব খান ও হাসান নাওয়াজ মিলে ১১০ রানের জুটি গড়েন। ৩১তম ওভারের শেষ বলে নাওয়াজ আউট হলে জুটি ভাঙে। ৩টি করে চার ও ছক্কায় ৯১ বলে ৬২ রান করেন।

১৫০ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান এ দল। ৩ চার ও ১ ছক্কায় ৮৫ বলে ৫০ রান করে আউট হন শাহজাইব। এরপর আব্দুল সামাদ ও ফারহান ইউসেফের ৭৪ রানের জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছায় তারা। জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন আব্দুল সামাদ। ২ চার ও ৪ ছক্কায় ৩৩ বলে ৪৪ রান করেন পাকিস্তান অধিনায়ক।

পরে রোহাইল নাজিরকে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ফারহান। ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফারহান। রোহাইল অপরাজিত থাকেন ২ রানে।

বাংলাদেশ বোলারদের মধ্যে রিপন মণ্ডল ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন। মোহাম্মদ রুবেল নেন এক উইকেট।

এর আগে ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় উইকেটে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দীপু। ৯৫ রানের জুটি গড়েন দুজনে।

২৭.১ ওভারে দলীয় ১১০ রানে অঙ্কন আউট হলে জুটি ভাঙে। ৪ চারে ৭৮ বলে ৪২ রান করেন। এরপর আট রান যোগ করতেই আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। আফিফ হোসেন (৫) ও সাব্বির রহমান (০) আউট হন।

ষষ্ঠ উইকেটে এসএম মেহেরব হোসেনকে নিয়ে ৫২ রান যোগ করেন দীপু। ৪০.২ ওভারে মেহেরব আউট হন ৩৬ বলে ২৮ রান করে। একই ওভারে চতুর্থ বলে রুবেল আউট হন খালি হাতে। অষ্টম উইকেটে রাকিবুল হাসানকে নিয়ে দীপু যোগ করেন ২২ রান। ৪৫.৫ ওভারে রাকিবুল আউট হন ২০ বলে ১০ রান করে।

পরে রিপন মণ্ডলকে নিয়ে ইনিংস শেষ করেন দীপু। নবম উইকেটে যোগ করেন ৪০ রান। তার আগে সেঞ্চুরি করেন দীপু। ৭ চার ও ৩ ছক্কায় ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। রিপন অপরাজিত থাকেন ১২ বলে ১৯ রানে।

পাকিস্তান বোলারদের মধ্যে সুফিয়ান মুকিম ৩ উইকেট নেন। আলি রেজা ও হাসান নাওয়াজ নেন ২টি করে উইকেট।

বিষয়:এশিয়া কাপ রাইজিং স্টারস কাতার দোহা নাওয়াজ পাকিস্তান এ বাংলাদেশ এ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…