যে অভিনয়ের জন্য আজও আক্ষেপ করেন জুডি ডেঞ্চ

দীর্ঘ ৬৯ বছরের অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চ। জেমস বন্ড সিরিজের ‘এম’ কিংবা ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমায় রানি এলিজাবেথ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে। তবে এত দীর্ঘ ক্যারিয়ারে এমন একটি কাজও রয়েছে, যেটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া নিয়ে আজও আক্ষেপ করেন ৯১ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের স্মৃতিকথা ‘Is It Too Late to Make a Run For It?’-এ সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জুডি ডেঞ্চ। তার আক্ষেপের তালিকায় রয়েছে ২০০১ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ নাটক ‘দ্য রয়্যাল ফ্যামিলি’। এতে পরিবারের মাতৃপ্রধান ফ্যানি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
নাটকটি পরিচালনা করেছিলেন প্রয়াত ব্রিটিশ মঞ্চনির্দেশক পিটার হল। লন্ডনের থিয়েটার রয়্যাল হেমার্কেটে টানা তিন মাস মঞ্চস্থ হয়েছিল এটি। তবে নাটকটির চিত্রনাট্য না পড়েই অভিনয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন জুডি ডেঞ্চ।

স্মৃতিকথায় অভিনেত্রী জানান, প্রথমবার নাটকটির পাঠপর্বে অংশ নেওয়ার পরই তার মন খারাপ হয়ে যায়। বিষয়টি তার অভিব্যক্তিতে প্রকাশ পেয়ে যায়। তখন পরিচালক পিটার হল তাকে বলেছিলেন, নাটক না পড়ে অভিনয়ে সম্মতি দেওয়ার শিক্ষা এবার তিনি পেলেন। জুডি ডেঞ্চ স্বীকার করেছেন, পরিচালকের কথাটি যথার্থ ছিল।
নাটকটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও খুব একটা ইতিবাচক ছিল না। স্মৃতিকথায় একটি মজার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, একবার এক ট্যাক্সিচালক তাকে সরাসরি বলেছিলেন, তার স্ত্রীকে নিয়ে ‘দ্য রয়্যাল ফ্যামিলি’ দেখতে গিয়েছিলেন, কিন্তু নাটকটি তাদের একেবারেই ভালো লাগেনি।
তবে নাটকটি পছন্দ না হলেও সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল জুডি ডেঞ্চের। হ্যারিয়েট ওয়াল্টার, টবি স্টিফেন্স, পিটার বাউলস, জুলিয়া ম্যাকেঞ্জি ও এমিলি ব্লান্ট ছিলেন সেই নাটকের অভিনয়শিল্পীদের দলে। প্রতি শনিবার দুপুরের শো শেষে সহশিল্পী জুলিয়া ম্যাকেঞ্জিকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার স্মৃতিও উপভোগ করতেন তিনি।
তবে ‘দ্য রয়্যাল ফ্যামিলি’র বাইরেও আরেকটি নাটক নিয়ে আরও বেশি অসন্তুষ্টির কথা জানিয়েছেন এই অভিনেত্রী। ১৯৯২ সালে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির প্রযোজনায় মঞ্চস্থ ‘দ্য গিফট অব দ্য গর্গন’ নাটকটিকে নিজের সবচেয়ে অপছন্দের কাজগুলোর একটি বলে উল্লেখ করেছেন তিনি। সেটিও পরিচালনা করেছিলেন পিটার হল।
জুডি ডেঞ্চের ভাষায়, নাটকটির চরিত্র ও কাহিনির সঙ্গে নিজেকে মেলাতে পারেননি তিনি। নাটকের অনেক কিছুই তার কাছে দুর্বোধ্য ও অতিরিক্ত আড়ম্বরপূর্ণ মনে হয়েছিল। এ অভিজ্ঞতাকে তিনি ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ নাটকে অভিনয়ের সময়কার অস্বস্তিকর অভিজ্ঞতার সঙ্গেও তুলনা করেছেন।
এদিকে সম্প্রতি নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন জুডি ডেঞ্চ। আইটিভির সকালের অনুষ্ঠান ‘লরেইন’-এ কথা বলতে গিয়ে তিনি জানান, নতুন বন্ডকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। তবে বয়সজনিত চোখের সমস্যা তার দৃষ্টিশক্তিকে অনেকটাই সীমিত করে দিয়েছে।
২০১২ সালে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) রোগে আক্রান্ত হন জুডি ডেঞ্চ। বর্তমানে ঠিকমতো দেখতে পান না তিনি। ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসায় অভিনয়, এমনকি বই পড়াও তার জন্য কঠিন হয়ে উঠেছে।






