শুরুতে কোস্টারিকাকে হারিয়ে রঙিন হওয়া স্পেনের ফ্যাকাসে হতেও সময় লাগেনি। গ্রুপপর্বের দুটি এবং শেষ ষোলো মিলিয়ে তিন ম্যাচে জয়বিহীন থাকা লা রোজাদের কাতার ছাড়তে হয়েছে আগেভাগেই। ব্যর্থতায় চাকরিচ্যুত হয়েছেন কোচ লুইস এনরিকে। বিশ্বকাপ ঘিরে তবুও আশা বাঁচিয়ে রাখছেন স্প্যানিয়ার্ড, নিজে পারেননি, তবে শিরোপা দেখতে চান একসময়ের শিষ্য লিওনেল মেসির হাতে।
ফিফা বিশ্বকাপে পঞ্চমবারের মতো ফাইনালে উঠতে আর্জেন্টিনা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। লুসেইলে রাতে সেমির লড়াইয়ে জয়ী দলটি টিকে থাকবে শিরোপার মঞ্চে। বার্সেলোনার সাবেক খেলোয়াড় মেসি সেখানে শিরোপার অন্যতম দাবিদার। কাতালানদের সাবেক কোচ সাবেক শিষ্যের হাতে শিরোপা দেখতে আছেন মুখিয়ে।
২০১৪-১৭ সাল পর্যন্ত বার্সা ডাগআউটের বস এনরিকের চাওয়াও অন্য অনেকের মতোই, ‘আমি চাই মেসি বিশ্বকাপ জিতুক।’ কারণ হিসেবে সাবেক শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন এনরিকে, ‘মেসি মানেই যে ফুটবল।’
ফুটবলের জন্য হলেও মেসির হাতে ট্রফি দেখতে চাওয়া এনরিকে সদ্যসাবেক বনে যাওয়া দল স্পেনের কিছু বিষয় নিয়েও কথা বলেছেন। স্প্যানিশ তারকা পাবলো সারাবিয়াকে আরও খানিকটা সময় খেলতে দিতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন। পেদ্রিকে তুলনা করেছেন জাদুকর ‘হ্যারি পটারের’ সঙ্গে। দিনশেষে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নেয়া কোচ অবশ্য আলাদা করে কোনো শিষ্যের দিকে আঙুল তোলেননি ব্যর্থতার পর।








