ফুটবল

অ্যাটলেটিকোর অভিযোগে আলভারেজ ইস্যুতে বার্সার শাস্তি

অ্যাটলেটিকোর অভিযোগে আলভারেজ ইস্যুতে বার্সার শাস্তি

চ্যাম্পিয়ন্স লিগ ও এল ক্ল্যাসিকো হার, সেই ক্ষতের মধ্যে আরও আঘাত বার্সেলোনার। গ্রীষ্ম দলবদলে অ্যাটলেটিকো মাদ্রিদ সোজা জানিয়ে দিয়েছিল কাতালান প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে বিক্রি করবে না জুলিয়ান আলভারেজকে। তারপরও আর্জেন্টাইন তারকাকে দলে টানতে উঠেপড়ে লেগেছিল বার্সা। প্রেক্ষিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে মাদ্রিদের ক্লাবটি অভিযোগ করে, তাতে শাস্তির মুখে পড়তে হল লা লিগা চ্যাম্পিয়ন বার্সাকে।

মঙ্গলবার রাতে শাস্তির কথা জানিয়েছে স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আলভারেজের সঙ্গে বার্সার যোগাযোগ নিয়ে অ্যাটলেটিকো আরএফইএফের কাছে অভিযোগ করেছিল। কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করা হল শাস্তি হিসেবে।

অভিযোগ ছিল, অ্যাটলেটিকোকে লিখিতভাবে না জানিয়ে বার্সেলোনা আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। আলভারেজের সঙ্গে মাদ্রিদের ক্লাবটির চুক্তি ২০৩০ সালের জুন পর্যন্ত রয়েছে।

ফেডারেশনের নিয়মবিধির ১৩৩ নম্বর অনুচ্ছেদের অধীনে শাস্তির ব্যবস্থা নেয়া হয়েছে। অ্যাটলেটিকো বিষয়টি ফিফার কাছেও নিয়ে গিয়েছিল। তবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয়, মামলাটির উপর তাদের কোন এখতিয়ার নেই।

শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে অ্যাটলেটিকো জয়সূচক গোল করেছেন আলভারেজ। জয়ের পর বার্সায় যোগ দেয়া প্রসঙ্গে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। চলতি মৌসুমে ঘরের মাঠের দর্শকদের কাছ থেকে প্রায়ই দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। শনিবার গোল করার পর দর্শকদের একটি অংশ তাকে দাঁড়িয়ে সম্মান জানায়।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজ বার্সেলোনা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…