যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, রবিনসন আর২২ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এয়ারবাসের একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে হেলিকপ্টার দুটি মহাসড়কের পাশের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।
নিহতদের একজন ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো। তিনি রবিনসন আর২২ হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন। ওই হেলিকপ্টারে তাঁর সঙ্গে যুক্তরাজ্যের একজন শিক্ষানবিশ পাইলটও ছিলেন। দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন। তবে তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্বজনদের খবর জানাতে কনস্যুলেট ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ।
অন্য হেলিকপ্টারটির একমাত্র আরোহী ছিলেন ৩৮ বছর বয়সী টাইলার ডেলেন স্টারডেভ্যান্ট। তিনি ওরেগনের নিউবার্গ এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনা করত জেরি ট্রিম্বল হেলিকপ্টারস নামের একটি ফ্লাইট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে পরিচালিত হয়।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। তদন্তকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে তারা।
এদিকে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলার সময় সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।






