ব্রিটিশ স্টুডেন্ট ভিসায় বাড়ছে ব্যাংক ব্যালান্সের শর্ত

ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আর্থিক শর্ত কঠোর করছে দেশটির হোম অফিস। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসার আবেদনে জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য ব্যাংকে আগের চেয়ে বেশি অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নয় মাসের জীবনযাত্রার ব্যয় বাবদ ব্যাংকে কমপক্ষে ১৪ হাজার ১৩০ পাউন্ড রাখতে হবে। আর লন্ডনের বাইরে পড়তে চাইলে দেখাতে হবে ১০ হাজার ৮২৭ পাউন্ড।
তবে এই অর্থের বাইরে শিক্ষার্থীদের টিউশন ফি, ভিসা আবেদন ফি এবং স্বাস্থ্যসেবা সারচার্জের খরচ আলাদাভাবে বহন করতে হবে।
এ ছাড়া আগের মতোই প্রয়োজনীয় অর্থ টানা অন্তত ২৮ দিন ব্যাংক হিসাবে জমা রাখার শর্ত বহাল থাকছে। অর্থাৎ, আবেদনের আগে নির্ধারিত সময় ধরে ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ থাকার প্রমাণ দিতে হবে।
হোম অফিসের নতুন এই আর্থিক শর্ত ৩০ নভেম্বর বা এর পরে জমা দেওয়া ভিসার আবেদনগুলোর ক্ষেত্রে কার্যকর হবে।
তাই যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের নতুন নিয়ম অনুযায়ী আগেভাগেই আর্থিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।






