আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এতে স্বর্ণের বাজারে চাপ বেড়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮২ ডলার ৮৫ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯২ ডলার ৫০ সেন্টে নেমে আসে।

এ নিয়ে চলতি সপ্তাহে দরপতনের পাশাপাশি টানা দ্বিতীয় মাসের মতো স্বর্ণের দাম কমার পথে রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বর্ণের দাম কমতে কমতে ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমর্থন স্তরের কাছাকাছি পৌঁছেছে। অতীতে দাম কমলে বিনিয়োগকারীদের কেনার প্রবণতা পতন ঠেকাতে সহায়তা করেছিল। তবে এবার সেই প্রবণতা বাজারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কি না, তা এখন দেখার বিষয়।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক তথ্য সুদের হার বাড়ানোর পক্ষে ইঙ্গিত দিচ্ছে। এতে ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে, যা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। পেট্রলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোক্তাদের ব্যয়ও বেড়েছে। ফলে ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে বলে অর্থনীতিবিদদের প্রত্যাশা জোরালো হয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের অংশগ্রহণকারীরা ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৭২ শতাংশ দেখছেন।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

এদিকে শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। টানা চতুর্থ মাসের মতো দাম বাড়ার পথে রয়েছে জ্বালানি তেল। হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে তেল সরবরাহের ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

অন্যদিকে, জাপানের রাজধানী টোকিওতে অক্টোবরে বার্ষিক মূল মূল্যস্ফীতি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ ডলার ৭৪ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৪৩৯ ডলার ৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ৯৮২ ডলার ৫০ সেন্ট হয়েছে। এসব ধাতুর দামও সাপ্তাহিক ও মাসিক হিসাবে কমার পথে রয়েছে।

বিষয়:বড় পতন বিশ্ববাজার স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…