বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন অস্কার। আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) উপস্থাপক হিসেবে অংশ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শুক্রবার (৬ মার্চ) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে এবারের অস্কার অনুষ্ঠান। সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি পুরস্কার উপস্থাপক হিসেবে থাকবেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো জনপ্রিয় তারকারা।
বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র ও গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে ওঠা ‘আয়রন ম্যান’ সিরিজের ভক্তদের জন্য হতে পারে বিশেষ আকর্ষণ।
নিজের পোস্টে আসন্ন অস্কার অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। যদিও অস্কারের মঞ্চে এটি তার প্রথম উপস্থিতি নয়। এর আগে ২০১৬ সালে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিল তাকে।
এছাড়াও চলতি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার প্রদান করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন তিনি।
প্রিয়াঙ্কা ছাড়াও ভারতীয় তারকাদের মধ্যে এর আগে ৯৫তম অস্কারে প্রেজেন্টার হিসেবে মঞ্চে উঠেছিলেন দীপিকা পাডুকোন। সেই অনুষ্ঠানে তিনি ‘আরআরআর’ ছবির অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ উপস্থাপন করেছিলেন।- এনডিটিভি








