বিনোদন

সালমানের বিরোধিতায় বলিউডে ক্যারিয়ার শেষ?

সালমানের বিরোধিতায় বলিউডে ক্যারিয়ার শেষ?

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে সোনা মহাপাত্রের বিরোধ নতুন নয়। ২০১৬ সালে ধর্ষণ নিয়ে সালমানের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে আলোচনায় এসেছিলেন এই সংগীতশিল্পী। এরপর ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে সালমানের মন্তব্যেরও প্রতিবাদ করেছিলেন তিনি। এসবের জেরে অনলাইনে হুমকি, কটাক্ষ ও হয়রানির শিকার হতে হয়েছে তাকে।

এমনকি অনেকে বলেছেন, সালমানের বিরোধিতা না করলে বলিউডে তার ক্যারিয়ার আরও সফল হতে পারত। তবে এবার সালমানের নতুন গানকে কটাক্ষ করে পাল্টা প্রশ্ন তুলেছেন সোনা, ‘কার ক্যারিয়ারের জন্য সহানুভূতি দরকার?’

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে গত এক দশকের অভিজ্ঞতা ও ক্যারিয়ারের নানা দিক তুলে ধরেন সোনা মহাপাত্র। সেখানে সালমানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর গান ‘তেরি সেক্সি বিউটি’ নিয়েও ব্যঙ্গ করেন তিনি।

সালমান খান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত গানটিতে মদ্যপান ও উড়োজাহাজের মতো উড়ে যাওয়ার কথা রয়েছে। গানটির কথা উল্লেখ করে সোনা বলেন, ‘আমাদের সেনাদের আত্মত্যাগে অনুপ্রাণিত একটি সিনেমার নতুন মাস্টারপিস এটি। আর আমাদের সুপারস্টার গাইছেন দুই পেগ খেয়ে উড়োজাহাজ হয়ে যাওয়ার কথা।’

এরপর নিজের ক্যারিয়ার নিয়ে যারা সহানুভূতি প্রকাশ করতেন, তাদের প্রসঙ্গ টেনে সোনা বলেন, ‘হঠাৎ আমার সেই সহানুভূতির কথাগুলো মনে পড়ে গেল। এটাই কি সেই শৈল্পিক জগৎ, যেটা আমি হারিয়েছি? আমার কি এমন গানই গাওয়ার কথা ছিল? এমন আরও দশটি গান গাইতে পারলে হয়তো আমার জীবন পূর্ণ হয়ে যেত। গত দশ বছরের দিকে তাকিয়ে এখন বুঝতে পারছি না, আসলে কার ক্যারিয়ারের জন্য এত সহানুভূতি দরকার!’

সালমানের সঙ্গে বিরোধের সূত্রপাত ২০১৬ সালে। ওই সময় ‘সুলতান’ সিনেমার শুটিংয়ের শারীরিক ক্লান্তি বোঝাতে গিয়ে সালমান নিজেকে ‘ধর্ষিত নারী’র মতো অনুভব করার কথা বলেছিলেন। তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন সোনা। এরপর ধর্ষণের হুমকি, অশ্লীল গালিগালাজ, পর্নোগ্রাফিক ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া এবং পরিবারের সদস্যদের হুমকির মুখে পড়েন বলে জানান তিনি। এমনকি এ ঘটনায় পুলিশে অভিযোগও করতে হয়েছিল তাকে। বিষয়টি তৎকালীন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নজরেও এসেছিল।

২০১৯ সালেও সালমানের সমালোচনা করেন সোনা। সে সময় ‘ভারত’ সিনেমা ছেড়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একাধিকবার মন্তব্য করেছিলেন সালমান। একই অনুষ্ঠানে উপস্থিত সহশিল্পী ক্যাটরিনা কাইফকেও খাটো করে দেখানোর অভিযোগ তোলেন সোনা। তার ভাষায়, একজন সফল নারীকে এভাবে উপহাস করা এবং অন্য নারী সহকর্মীকে ছোট করার প্রবণতার প্রতিবাদ করেছিলেন তিনি। এরপরও তাকে নানা ধরনের হুমকি ও আক্রমণের মুখে পড়তে হয়।

তবে সালমানের বিরোধিতা করে নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন, এমন ধারণা মানতে নারাজ সোনা। গত দশ বছরে নিজের মতো করে সংগীতচর্চা, ব্যান্ড নিয়ে বিভিন্ন দেশে পরিবেশনা এবং স্বাধীন সংগীত ও অনুষ্ঠান নির্মাণ করেছেন তিনি। ‘লাল পরী মস্তানি’, ‘ভক্তি’, ‘ব্লুজ’, ‘সোনা ২৪কে’ ও ‘দ্য আনটেমড বেলাভেড’-এর মতো নিজস্ব প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি তার নির্মিত তথ্যচিত্র ‘শাট আপ সোনা’ পুরস্কার অর্জন করেছে।

সোনা বলেন, ‘মানুষ কেন ক্ষমতাবানদের কাছাকাছি থাকাকেই সাফল্য মনে করতে শুরু করেছে, বুঝি না। অন্য কারও সাম্রাজ্যে প্রবেশ করাকে নিজের একটি জগৎ গড়ে তোলার চেয়ে বড় অর্জন ভাবা হচ্ছে।’

ভিডিওর শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সোনা বলেন, ‘আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি নিজের মতো জীবন উপভোগ করতেই ব্যস্ত ছিলাম।’ ভবিষ্যতেও যা বলা উচিত নয় বলে অনেকে মনে করেন, সেসব কথা বলে যাবেন বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালেও সালমানের সমালোচনা করেছিলেন সোনা। ‘সিকান্দার’ সিনেমার সহশিল্পী রাশমিকা মান্দানার সঙ্গে সালমানের ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠলে অভিনেতার মন্তব্যের প্রতিবাদ করেন তিনি। সালমানের বক্তব্যকে ‘বাজে’ আখ্যা দিয়ে তাকে ‘টক্সিক ম্যাসকুলিনিটি’র প্রতীক বলেও কটাক্ষ করেছিলেন এই সংগীতশিল্পী।

‘ফুকরে’ সিনেমার ‘আম্বারসরিয়া’, ‘দিল্লি বেলি’র ‘বেদর্দি রাজা’ এবং ‘রামন রাঘব ২.০’-এর ‘কাতল-এ-আম’ গানের জন্য পরিচিত সোনা মহাপাত্র। প্লেব্যাকের পাশাপাশি স্বাধীন সংগীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তার তথ্যচিত্র ‘শাট আপ সোনা’ সংগীতজগতের পুরুষতান্ত্রিকতা ও নারীদের প্রতি বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:‘মাতৃভূমি’ ইনস্টাগ্রাম ক্যাটরিনা কাইফ চিত্রাঙ্গদা সিং প্রিয়াঙ্কা চোপড়া বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…