বিনোদন

করণ-সাইফ-কারিনার আতিথেয়তায় মুম্বাইয়ে প্রিন্স উইলিয়াম

করণ-সাইফ-কারিনার আতিথেয়তায় মুম্বাইয়ে প্রিন্স উইলিয়াম

বলিউডের গান, নাচ আর আতিথেয়তায় স্বাগত জানানো হলো ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামকে। বুধবার (১৮ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের কার্যালয় ঘুরে দেখেন প্রিন্স অব ওয়েলস।

আন্ধেরিতে ধর্মা প্রোডাকশনের কার্যালয়ে প্রায় ৪৫ মিনিট সময় কাটান তিনি। এ সময় তাকে স্বাগত জানান করণ জোহর, বলিউড অভিনেতা সাইফ আলী খান, কারিনা কাপুর খান এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অপূর্ব মেহতা।

প্রিন্স উইলিয়ামকে স্বাগত জানাতে ছিল বিশেষ সাংস্কৃতিক আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকে একদল নৃত্যশিল্পী পরিবেশন করেন বলিউডের জনপ্রিয় কয়েকটি গান। এর মধ্যে ছিল করণ জোহর পরিচালিত ২০০১ সালের সিনেমা ‘কাভি খুশি কাভি গম’-এর ‘সায় শাভা শাভা’ ও ‘বোলে চুড়িয়া’। এ সময় সিনেমাটির শিরোনাম গানও বাজানো হয়।

উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার বেশ কয়েকটি দৃশ্য ও গানের শুটিং হয়েছিল লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে।

অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল নানা পদের খাবারের আয়োজন। পেছনে ছিল বিভিন্ন পুরস্কারে সাজানো একটি দেয়াল। এ সময় করণ জোহর প্রিন্স উইলিয়ামের সঙ্গে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজার নিয়েও কথা বলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ও বাজার নিয়ে আলোচনা হয় তাদের।

তিন দিনের ভারত সফরে রয়েছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন।

বিষয়:করণ যোহর কাভি খুশি কাভি গম ধর্মা প্রোডাকশন প্রিন্স উইলিয়াম বলিউড সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…