বিনোদন

যে কারণে ওশো হতে চান নওয়াজউদ্দিন

যে কারণে ওশো হতে চান নওয়াজউদ্দিন

বাস্তব জীবনের নানা বৈচিত্র্যময় চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে বরাবরই আগ্রহী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার আধ্যাত্মিক গুরু ও দার্শনিক ওশোর চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
ওশোর দর্শন, ব্যক্তিত্ব ও জীবনযাপন তাকে ভীষণভাবে আকর্ষণ করে বলে জানিয়েছেন এই অভিনেতা। সুযোগ পেলে পর্দায় ওশো হয়ে উঠতে চান তিনি।

সম্প্রতি নিউজ১৮ আয়োজিত ‘রাইজিং ভারত সামিট নর্থ এডিশন’-এ অংশ নিয়ে নিজের অভিনয়ের ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন নওয়াজউদ্দিন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাকে বেছে নেবেন? উত্তরে এক মুহূর্ত না ভেবেই ওশোর নাম বলেন অভিনেতা।

এ প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, ‘ওশো। তার দর্শন, জীবনযাপন, ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। এমন কোনো সুযোগ পেলে আমি অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে চাই।’

ওশোর প্রতি নিজের আগ্রহের কারণও ব্যাখ্যা করেছেন অভিনেতা। তার মতে, ওশোর চিন্তাভাবনা ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বেশ আকর্ষণীয়। ফলে এই আধ্যাত্মিক গুরুর চরিত্রে অভিনয় করতে পারলে তা হবে তার জন্য বিশেষ অভিজ্ঞতা।

১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশে চন্দ্রমোহন জৈন নামে জন্মগ্রহণ করেন ওশো। ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন তিনি। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে তার বক্তব্য ও দর্শন বিশ্বজুড়ে অনুসারীদের আকৃষ্ট করেছিল। ১৯৭৪ সালে পুনেতে আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের ওরেগনে তার অনুসারীরা গড়ে তোলেন বিতর্কিত রজনীশপুরম কমিউন। নানা আইনি জটিলতার পর ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে ভারতে ফিরে আসেন ওশো। ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে মারা যান তিনি।

অনুষ্ঠানে নওয়াজউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনায় আসার পরিকল্পনা আছে কি না। তবে পরিচালনার বিষয়ে নিজের অনাগ্রহের কথা স্পষ্ট করেই জানান অভিনেতা। তিনি বলেন, ‘না, পরিচালনা আমার জন্য নয়। পরিচালনার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি অভিনেতা হয়েই থাকতে চাই। একজন ভালো অভিনেতা হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, নওয়াজউদ্দিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আদিত্য কৃপালানী পরিচালিত ‘ম্যায় অ্যাক্টর নেহি হুঁ’। ২০২৬ সালের ৮ মে মুক্তি পায় সিনেমাটি। সামনে ইশান শর্মার পরিচালনায় ‘কবুতর’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে পুরান দিল্লির এক পথ গোয়েন্দা মেহবুবের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ছাড়া তিগমাংশু ধুলিয়ার ‘ওহ ফির কভি দিখা নেহি’ ও ‘ব্লাইন্ড বাবু’ সিনেমাতেও রয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নির্মাণাধীন ‘তুম্বাড ২’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

বিষয়:ওশো নওয়াজউদ্দিন বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…