প্রধানমন্ত্রী তারেক রহমান: উত্তরাধিকার, সংগ্রাম ও নতুন রাজনীতির এক দীর্ঘ অভিযাত্রা

ছবি: সংগৃহীত।
রাজনীতিতে কিছু মানুষের জীবন কেবল ব্যক্তিগত সাফল্য, ব্যর্থতা কিংবা ক্ষমতায় আরোহণের গল্প হয়ে থাকে না। তাদের জীবন জড়িয়ে যায় একটি দেশের ইতিহাস, রাজনৈতিক পরিবর্তন, পারিবারিক উত্তরাধিকার এবং ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশার সঙ্গে। তারেক রহমানের জীবনও তেমন এক দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি পরিবারে তারেক রহমানের জন্ম, শৈশবে রাষ্ট্রীয় ক্ষমতার নির্মম বাস্তবতার অভিজ্ঞতা, কৈশোরে পিতৃহারা হওয়া, মায়ের রাজনৈতিক সংগ্রামের প্রত্যক্ষ সাক্ষী হয়ে ওঠা, নিজেকে সংগঠক হিসেবে প্রতিষ্ঠা, দীর্ঘ নির্বাসন এবং শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, প্রতিটি অধ্যায় তাকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে।

২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। এবারের জন্মদিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে দিনটি কেবল একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনের একটি তারিখ নয়; বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকালেও তার জীবন ও নেতৃত্বকে মূল্যায়নের উপলক্ষ।
তাকে বুঝতে হলে প্রথমেই ফিরে যেতে হয় তার পরিবারের কাছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক, একজন সামরিক সংগঠক, পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। মা খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় রাজনীতির অন্যতম দীর্ঘস্থায়ী নেতৃত্বের প্রতীক। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই রাজনীতিক চার দশকেরও বেশি সময় বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন।
এমন একটি পরিবারে বেড়ে ওঠার অর্থ ছিল খুব ছোটবেলা থেকেই রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, দায়িত্ব ও রাজনৈতিক সংঘাতের কাছাকাছি থাকা। তবে তারেক রহমানের শৈশব কেবল রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড তার জীবনের গতিপথে বড় ধরনের পরিবর্তন আনে। তখন তার বয়স কম। পিতার আকস্মিক মৃত্যুতে পরিবারের দায়িত্ব ও বাস্তবতা বদলে যায়। খালেদা জিয়া দুই সন্তানকে নিয়ে এক কঠিন সময় অতিক্রম করেন। পরবর্তী সময়ে তাকেই বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে হয় এবং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।
তারেক রহমানের জীবনে মায়ের ভূমিকা তাই শুধু পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, প্রতিকূলতার মুখে অবস্থান ধরে রাখা, সাংগঠনিক নেতৃত্ব এবং গণতন্ত্রের দাবিতে দীর্ঘ আন্দোলন তার রাজনৈতিক বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ। একজন রাজনীতিককে কাছ থেকে দেখার পাশাপাশি তিনি দেখেছেন একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবনে ক্ষমতা, দায়িত্ব, বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত কতটা গভীর প্রভাব ফেলে।

ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে তার সম্পর্কও ছিল জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ফ্যাসিস্ট সরকার ও সেনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৫ সালে মালয়েশিয়ায় কোকোর মৃত্যু তাকে আরেকটি ব্যক্তিগত শোকের মুখোমুখি করে। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান একজন চিকিৎসক ও কার্ডিওলজিস্ট। তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ নির্বাসনের সময় পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশে জীবন কাটানো তার ব্যক্তিগত জীবনের ওপরও বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে জাইমার বেড়ে ওঠা, দেশের বাইরে থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখা এবং পরিবারের সঙ্গে দেশের দূরত্ব—এসব বিষয় তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক কথাবার্তায়ও কখনো কখনো উঠে এসেছে।
তবে পারিবারিক উত্তরাধিকার তাকে রাজনীতিতে পরিচিতি দিয়েছে, তার রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে নিজের পথচলার মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়কার রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার কাজ তার রাজনৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি।
১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় গৃহবন্দি অবস্থার বাধা অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার ঘটনা তার রাজনৈতিক জীবনের প্রথম উল্লেখযোগ্য প্রকাশ্য অধ্যায়গুলোর একটি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন। এরপর মায়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রচারে ভূমিকা রাখেন।
তারেক রহমানের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনায় ১৯৯৩ সালের বগুড়ার একটি সাংগঠনিক উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে বিএনপির স্থানীয় নেতৃত্ব নির্বাচনে গোপন ব্যালট পদ্ধতি চালু করার উদ্যোগ নেন তিনি। তৃণমূল পর্যায়ে নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের ধারণা প্রতিষ্ঠার এই প্রচেষ্টা তার সাংগঠনিক চিন্তার একটি দিক তুলে ধরে। দলের নেতৃত্ব কেবল মনোনয়ন কিংবা কেন্দ্রের সিদ্ধান্তে নির্ধারিত না হয়ে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গড়ে উঠবে—এমন একটি ধারণা তিনি সামনে আনতে চেয়েছিলেন।
পরবর্তী সময়ে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা, মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি এবং উন্নয়ন ও সুশাসন নিয়ে কাজ করার জন্য ঢাকায় একটি সাংগঠনিক গবেষণা ও সমন্বয়কেন্দ্র গড়ে তোলেন। ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী কৌশল ও সাংগঠনিক পরিকল্পনায় তার ভূমিকা বাড়ে। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। এই সময় থেকেই জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব দৃশ্যমান হয়ে ওঠে। বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং নতুন প্রজন্মের কর্মীদের রাজনীতিতে যুক্ত করার উদ্যোগ তাঁর নেতৃত্বের অংশ হয়ে ওঠে।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় গুরুতর নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন। পরবর্তী ১৭ বছরেরও বেশি সময় তিনি দেশের বাইরে ছিলেন। এই সময়ের মধ্যে বিএনপি একাধিক জাতীয় নির্বাচনে অংশ নেয়, রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে যায় এবং দলটির শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ কারাবন্দি ও বিভিন্ন সংকটের মুখোমুখি হয়।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। লন্ডনে অবস্থান করেও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কৌশল নির্ধারণ, নেতাদের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলনের কর্মসূচি ঠিক করার কাজ চালিয়ে যান। ভিডিও কনফারেন্স ও ডিজিটাল যোগাযোগের মাধ্যমে দেশের রাজনৈতিক নেতৃত্ব পরিচালনার অভিজ্ঞতা বাংলাদেশের প্রচলিত দলীয় রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করে। ভৌগোলিক দূরত্ব তার রাজনৈতিক প্রভাবকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেনি।
অবশ্য এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা, সাজা এবং রাজনৈতিক বিতর্কও চলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে আনা মিথ্যা মামলায় আদালতের রায়ে তিনি খালাস পান। ফলে দীর্ঘ আইনি ও রাজনৈতিক বিরোধের পর দেশে ফেরার পথ তৈরি হয়।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমাকে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ১৭ বছরের বেশি সময় পর তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হয়ে ওঠে। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই মা খালেদা জিয়ার মৃত্যু তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে গভীর শূন্যতা তৈরি করে। দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে অসুস্থ মায়ের পাশে থাকার যে প্রত্যাশা ছিল, তা স্থায়ী হয়নি। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক নেতৃত্বের পূর্ণ দায়িত্ব তাঁর ওপর এসে পড়ে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একই পরিবারের বাবা, মা ও ছেলে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে অধিষ্ঠিত হন। এই ঘটনাকে শুধু একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারের ধারাবাহিকতা হিসেবে দেখলে পূর্ণ বাস্তবতা বোঝা যাবে না। বরং এটি এমন এক সময়ের ঘটনা, যখন গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি, কার্যকর গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের প্রত্যাশা নিয়ে সামনে এগোতে চাইছে।
তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কেন্দ্রীয় বিষয়গুলোর একটি হলো রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। তার বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচিতে গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন, নাগরিক অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার বিষয়গুলো বারবার এসেছে। ২০২৪ সালের ১৪ নভেম্বর বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে গিয়ে তিনি অন্তর্ভুক্তিমূলক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন।
এই ৩১ দফায় সাংবিধানিক সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচনব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জবাবদিহি, গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুই মেয়াদের সীমা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার কথাও বলেছেন।

তার রাজনৈতিক দর্শনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো উন্নয়নকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করা। তিনি সংস্কার বলতে কেবল সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন বোঝেন না; বরং পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, নারীর মর্যাদা, কৃষকের ন্যায্য মূল্য, শ্রমিকের অধিকার, আধুনিক শিক্ষা এবং সহজলভ্য চিকিৎসাসেবাকে এর অংশ হিসেবে তুলে ধরেছেন। পরিবার কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষার সম্প্রসারণের মতো উদ্যোগ তার রাজনৈতিক কর্মসূচিতে এই চিন্তার প্রতিফলন। এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির নতুন ধারার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দলীয় আনুগত্য, ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব এবং ক্ষমতাকেন্দ্রিক প্রতিযোগিতা বড় জায়গা দখল করে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে নীতিনির্ভর রাজনীতি, তরুণদের অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় দেখা যায়। তার পোশাক, জনসম্মুখে সহজ যোগাযোগের ধরন এবং তরুণদের সঙ্গে সরাসরি কথা বলার প্রচেষ্টাও প্রচলিত রাজনৈতিক উপস্থাপনার তুলনায় কিছুটা ভিন্নতা তৈরি করেছে।
তবে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কেবল বক্তব্য কিংবা ব্যক্তিগত যোগাযোগের ধরন যথেষ্ট নয়। রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র, নেতৃত্ব নির্বাচনে প্রতিযোগিতা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হয়। তারেক রহমানের নিজের দল পরিচালনার ক্ষেত্রেও এ প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেখানে তার ভূমিকা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বের প্রথম মাসগুলোতেই দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের বিশেষ সুযোগ-সুবিধা কমানো, ভিভিআইপি প্রটোকল হ্রাস, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রচেষ্টা আলোচনায় এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়নে কিছু ইতিবাচক পদক্ষেপের কথা উল্লেখ করেছে। একই সঙ্গে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং সংসদীয় জবাবদিহির ক্ষেত্রে আরও কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেছে।
অর্থাৎ তার ঘোষিত রাজনৈতিক দর্শনকে রাষ্ট্র পরিচালনার বাস্তবতায় রূপ দেওয়ার কাজ এখনো চলমান। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার নিশ্চিত করার প্রশ্নগুলো তার নেতৃত্বের দীর্ঘমেয়াদি মূল্যায়নে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তারেক রহমানের অবস্থানও নতুনভাবে তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তার পররাষ্ট্রনীতির মূল সুর হিসেবে সামনে এসেছে ‘বাংলাদেশ ফার্স্ট’। এর অর্থ কোনো নির্দিষ্ট শক্তির বলয়ে অবস্থান নেওয়া নয়; বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক প্রয়োজন ও কৌশলগত অবস্থানকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

২০২৬ সালের জুনে চীন সফর ছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। ২২ থেকে ২৬ জুনের এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, যোগাযোগ, কূটনীতি ও কৌশলগত সহযোগিতার বিষয়ে ১৫টি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর পাশাপাশি মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা এবং অমীমাংসিত বিষয়গুলোর সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই পররাষ্ট্রনীতিকে বিশ্লেষকেরা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বহুমুখীকরণ হিসেবে দেখছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের গবেষক ইমরান আহমেদ তার বিশ্লেষণে দেখিয়েছেন, তারেক রহমানের সরকার একক কোনো শক্তির ওপর নির্ভরশীলতা না বাড়িয়ে আন্তর্জাতিক অংশীদারত্বের পরিধি সম্প্রসারণের চেষ্টা করছে। তবে নতুন অংশীদারত্বের সঙ্গে নতুন কৌশলগত নির্ভরতাও তৈরি হতে পারে। ফলে কূটনৈতিক স্বাধীনতা ধরে রেখে অর্থনৈতিক ও নিরাপত্তাগত সহযোগিতা বাড়ানো তার পররাষ্ট্রনীতির বড় পরীক্ষা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। বক্তব্যে তিনি বহুপক্ষীয় কূটনীতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, পারস্পরিক মর্যাদা, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার আলোচনায় বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।
একই ধারায় ৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধন করেন তিনি। সেখানে বঙ্গোপসাগরকে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু, সামুদ্রিক সম্পদ এবং যোগাযোগের বৃহত্তর অর্থনৈতিক অঞ্চলে রূপ দেওয়ার আহ্বান জানান। ভৌগোলিক অবস্থানকে কৌশলগত সম্পদে রূপান্তর করার এই চিন্তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ানোর সম্ভাবনাও এর সঙ্গে যুক্ত।

প্রধানমন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক যোগাযোগের নতুন পরিসর তৈরি করছেন, বাংলাদেশকে বিভিন্ন কৌশলগত অংশীদারের সঙ্গে যুক্ত করছেন এবং বহুপক্ষীয় মঞ্চে জাতীয় স্বার্থ তুলে ধরছেন। বিশ্বরাজনীতির শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে তার অবস্থান এখনো বিকাশমান। সেই অবস্থান কতটা দৃঢ় হবে, তা নির্ভর করবে কূটনৈতিক সাফল্যকে অর্থনৈতিক সুবিধা, বিনিয়োগ, কর্মসংস্থান, আঞ্চলিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তায় রূপান্তর করার ওপর।
তারেক রহমানের জীবনের দিকে তাকালে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সময়ের সঙ্গে তার রাজনৈতিক পরিচয়ের পরিবর্তন। একসময় তিনি ছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তান। পরে হয়ে ওঠেন দলের সংগঠক, রাজনৈতিক কৌশল নির্ধারক, দীর্ঘ নির্বাসনে থাকা দলীয় নেতৃত্ব এবং শেষ পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী। এই দীর্ঘ পথচলায় উত্তরাধিকার তাঁর পরিচয়ের অংশ থেকেছে, কিন্তু প্রতিটি পর্যায়ে তাঁকে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে।
তার সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে রাষ্ট্রের কার্যকর কাঠামোয় রূপ দেওয়া। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতাসীন দলের নেতা হিসেবে তার গুরুত্ব যেমন রয়েছে, তেমনি বিরোধী দলের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, নাগরিকের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বও রয়েছে।
নতুন রাজনীতির প্রকৃত পরিচয় তৈরি হয় ক্ষমতার বাইরে থাকা মানুষের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে। যে রাষ্ট্রে রাজনৈতিক মতের পার্থক্য নাগরিকের নিরাপত্তা কিংবা জীবিকার জন্য ঝুঁকি তৈরি করবে না, যে রাষ্ট্রে সরকারকে প্রশ্ন করা যাবে, যেখানে যোগ্যতা ও দক্ষতা দলীয় পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব পাবে, সেই রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে তার ঘোষিত দর্শনের বাস্তব পরীক্ষা।
২০ নভেম্বরের জন্মদিনে তাই তারেক রহমানের জীবনের দিকে তাকানো মানে কেবল একজন রাজনৈতিক নেতার অতীত স্মরণ করা নয়। এটি বাংলাদেশের রাজনৈতিক উত্তরাধিকারের একটি দীর্ঘ অধ্যায়, গণতন্ত্রের জন্য সংগ্রামের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের একটি চলমান অধ্যায়কে বোঝার সুযোগ। তার সামনে ইতিহাস যেমন একটি বড় দায়িত্ব তুলে দিয়েছে, তেমনি জনগণের প্রত্যাশাও অনেক বড়।
একজন নেতার প্রকৃত রাজনৈতিক উত্তরাধিকার নির্ধারিত হয় তিনি কত দিন ক্ষমতায় থাকলেন, তার চেয়ে বেশি নির্ধারিত হয় তার সময়ে রাষ্ট্র ও সমাজ কতটা বদলেছে, নাগরিক কতটা অধিকার পেয়েছে এবং পরবর্তী প্রজন্মের জন্য কেমন রাজনৈতিক প্রতিষ্ঠান রেখে গেছেন।
রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাজনৈতিক জীবনের পরবর্তী অধ্যায়ও শেষ পর্যন্ত এই মাপকাঠিতেই মূল্যায়িত হবে।






