সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ এর প্রিমিয়ার ১৮ নভেম্বর, শুভমুক্তি ২০ নভেম্বর

বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।
চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর আয়োজন করা হয়েছে বিশেষ প্রিমিয়ার শো ও প্রেস কনফারেন্স। রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রটির শুভমুক্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক গুণী শিল্পী। তাদের মধ্যে রয়েছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম ও ডলি জহুর।
‘যাপিত জীবন’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এতে তাদের দেখা যাবে যথাক্রমে সোবহান ও আফসানা চরিত্রে। অন্যদিকে, আনজুম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় আসছে তার সাহিত্যকর্মের আরেকটি চলচ্চিত্ররূপ।




