রাগবি সেভেনে ফিজিকে হারিয়ে প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ পদকের দেখা পেয়েছিল স্বাগতিক ফ্রান্স। আয়োজক দেশটিকে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন পাউলিনি ফের্রান্ড প্রেভো। মেয়েদের ক্রস-কান্ট্রিতে স্বর্ণপদক জিতেছেন তিনি।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় ক্রস-কান্ট্রিতে ১ ঘণ্টা ২৬ মিনিট ০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ফেররান্ড। নিজের চতুর্থ অলিম্পিক খেলতে এসে প্রথম পদক জেতার স্বাদ পেলেন মাউন্টেইন সাইক্লিস্ট।
ফের্রান্ডের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশী লোয়ানা লেকোমটে। রেসের মাঝপথে বাজেভাবে পড়ে ছিটকে যান তিনি। আরেক ফেভারিট নেদারল্যান্ডসের পক পিয়েতের্স ছিটকে যান টায়ার পাংচার হওয়াতে। সুযোগে এগিয়ে গিয়ে রৌপ্য পদক জিতে নেন যুক্তরাষ্ট্রের হ্যালি ব্যাটান। তার সময় লেগেছে ১ ঘণ্টা ২৮ মিনিট ৫৯ সেকেন্ড। ১ ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইডেনের জেনি রিসভেডস। ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তিনি।







