সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে পাকিস্তানে, সংকটে জাতীয় গ্রিড

পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। বিদ্যুতের বাড়তি দাম ও জাতীয় গ্রিডে অনিয়মিত সরবরাহের কারণে ঘরে ঘরে সৌর প্যানেল বসাচ্ছেন মানুষ। এতে বিদ্যুৎ বিল কমলেও গ্রিড থেকে গ্রাহক কমে যাওয়ায় আর্থিক চাপে পড়ছে দেশটির জাতীয় বিদ্যুৎব্যবস্থা।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির গবেষণা সংস্থা ‘রিনিউএবলস ফার্স্ট’ এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের অংশ ছিল মাত্র ১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়েছে ২৮ শতাংশ। বর্তমানে প্রায় ৭০ লাখ পরিবার সৌর প্যানেল ব্যবহার করছে। বাড়ির ছাদ থেকে শুরু করে হাসপাতাল, কৃষিজমি ও শিল্পকারখানায়ও বসানো হচ্ছে এসব প্যানেল।
পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা ফয়সাল শাহজাদ বিয়েতে উপহার পেয়েছেন ৩৪০ ওয়াটের একটি সৌর প্যানেল। গরমের দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে ঘরের প্রয়োজন মেটান তিনি। এমনকি সারাদিন এয়ার কুলারও চালান সৌরবিদ্যুতে।
ফয়সাল জানান, আগে বিয়েতে মোটরসাইকেল বা আসবাব উপহার দেওয়ার চল ছিল। এখন সেই জায়গা নিচ্ছে সৌর প্যানেল ও এয়ার কুলার। অনেক পরিবার বিয়েতে এসব উপহার দেওয়াকে প্রয়োজনীয় মনে করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার পেছনে সরকারের চেয়ে সাধারণ মানুষের উদ্যোগই বেশি। বিদ্যুতের দাম বেড়ে যাওয়া ও জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ না পাওয়ার ফলে মানুষ বিকল্প হিসেবে সৌর প্যানেল বসাচ্ছেন। গত কয়েক বছরে দেশটিতে বিদ্যুতের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে চীনা সৌর প্যানেলের দাম কমেছে ৯৩ শতাংশ। ফলে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।

তবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ায় পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ গ্রিড আর্থিক চাপে পড়ছে। গ্রাহকেরা গ্রিড থেকে কম বিদ্যুৎ কেনায় সরবরাহব্যবস্থা চালু রাখা ও রক্ষণাবেক্ষণের খরচ তুলতে সমস্যা হচ্ছে। ফলে বাকি গ্রাহকদের ওপর বাড়তি খরচের চাপ পড়ছে। এতে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে। আর দাম বাড়লে আরও মানুষ সৌরবিদ্যুতের দিকে ঝুঁকবেন। এভাবে জাতীয় বিদ্যুৎব্যবস্থার সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমদ লেঘারি বলেন, গত দুই বছরে গ্রাহকদের জাতীয় গ্রিড থেকে সরে যাওয়ার কারণে অন্য গ্রাহকদের বছরে ৫০ কোটি ডলারের বেশি বাড়তি খরচ বহন করতে হচ্ছে।
তিনি বলেন, সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বন্ধ করতে চায় না। বরং জাতীয় গ্রিডকে আরও উন্নত ও সাশ্রয়ী করতে চায়। এ জন্য বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা বাড়ানো, অপচয় কমানো ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।
পাকিস্তান সরকার ২০৩৬ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ৯০ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানির মতো পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা ২৬ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে।






