ফুটবল

শিরোপা জিতে বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে যা বললেন ভারতের কোচ

শিরোপা জিতে বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে যা বললেন ভারতের কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল ভারত। ১৫টি আসরের মধ্যে এই দেশটি একাই জিতেছে দশটি শিরোপা। এবারও দলটি এসেছিল শিরোপা ধরে রাখতে, করেছেও সেটা। অবশ্য তাদের মূল দল এখানে খেলতে আসেনি, এসেছিল অনূর্ধ্ব-২৩ দল। আর সেই দলটাকে নিয়েই বাজিমাত করেছেন দলটির কোচ নওশাদ মুসা। পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপাসহ মোট দশটি শিরোপা জিতে নিয়েছে তারা। 

ফাইনালের আনুষ্ঠানিকতা সেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে একটু দেরি হয় কোচের। প্রথমে আসতে না চাইলেও পরে পাকিস্তানের কোচও আসেন সংবাদ সম্মেলনে। উপমহাদেশের বিভিন্ন দেশের বংশোদ্ভূত খেলোয়াড় প্রসঙ্গে প্রশ্ন করা হয় ভারতের কোচ নওশাদ মুসাকে। তার উত্তর ছিল এমন-

‘আমার মনে হয় সব দেশই এখন এটি করছে। আপনার নিজ দেশের বংশোদ্ভূত কোনো ভালো খেলোয়াড় যদি অন্য দেশে থাকে এবং সে যদি সত্যিই ভালো খেলে, তবে তাকে দলে নেয়া খারাপ কিছু নয়। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, তাদের দলে এমন সাতজন খেলোয়াড় ছিল এবং তারা ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছিল। তাহলে কেন নয়?’

‘প্রতিটি দেশই এখন এটি করছে। তবে হ্যাঁ, এই জয়ের ফলে এখন যেটা হবে এটি আমাকে ভারতে ফুটবলের আরও প্রসার ঘটাতে সাহায্য করবে। মানুষ এখন তরুণদের ওপর আরও বেশি বিশ্বাস রাখতে শুরু করবে এবং আরও বেশি অর্থ বিনিয়োগ করবে।’

দেশীয় খেলোয়াড় নিয়ে শিরোপা জয় দেশীয় খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখতে এবং খেলার মান উন্নত করতে অনুপ্রাণিত করবে কিনা এমন প্রশ্নে মুসা বলেন, ‘অবশ্যই। এটি কখনোই কোনো সমস্যা নয়। আপনি যদি কিছু ভালো মানের খেলোয়াড় পান, তবে কেন নেবেন না? দিনশেষে আমরা কী চাই? আমার যদি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে, এবং আমি যদি এশিয়ার সেরা হতে চাই, তবে আমাকে এশিয়ার সেরা দলগুলোর সাথেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর সেরাদের সাথে লড়তে হলে আমার দলে সেরা খেলোয়াড়দের প্রয়োজন।’

‘তাই এটি গুরুত্বপূর্ণ। এক বা দুজন এমন খেলোয়াড় দলে থাকলে তা সত্যিই সাহায্য করে। যেমন রায়ান উইলিয়ামস জাতীয় দলে আসায় অনেক পার্থক্য তৈরি হয়েছে এবং অন্য খেলোয়াড়রাও তার কাছ থেকে শিখছে। জাতীয় ক্যাম্পে তার সাথে অনুশীলন করাটা দলকে সাহায্যই করে।’

পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতেছে ভারত। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে লাল কার্ড দেখেন পাকিস্তানের জুনাইদ শাহ। সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায় এবং পিছিয়ে থেকে শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

বিষয়:জুনাইদ পাকিস্তান ভারত মুসা রায়ান সাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…