ফুটবল

লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ‘সন্দিহান’ পাকিস্তানের কোচ

লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ‘সন্দিহান’ পাকিস্তানের কোচ

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের একটি মাত্র লাল কার্ডের দেখা মিলেছে পুরো আসরে। সেটিও আবার প্রথমবার ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম ফাইনালে। সেই একটি কার্ডই ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছিল। তবে সেই কার্ডের সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা সেটি নিয়ে সন্দিহান পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। 

সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ফাইনালে পাকিস্তান আগে গোল করলেও শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভিএআর দেখে জুনাইদ শাহকে দেয়া কার্ডের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের পেরুভিয়ান কোচ সোলানো।

সোলানো তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ম্যাচের আগেই আমরা জানতাম যে ওদের বিপক্ষে খেলাটা খুবই কঠিন হবে। কারণ ওদের দলে অনেক তরুণ প্রতিভা আছে। আমাদের জন্য বিষয়টি কিছুটা হতাশাজনক কারণ। আমার বিশ্বাস, ম্যাচের প্রথম ১০-১৫ মিনিট ওরা খুব ভালো খেলেছে খুব ভালো প্রেস করেছে এবং প্রথম ১০-১৫ মিনিট ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল। এরপর আমরা খেলায় নিয়ন্ত্রণ নিই, বলের ওপর আমাদের দখল কিছুটা বাড়ে এবং আমরা সুযোগ তৈরি করতে শুরু করি। বিরতির আগেই আমরা গোল করি। তবে দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে গোলগুলো হজম করেছি, তা কিছুটা হতাশাজনক।’

‘প্রথমত, আমি রেফারিদের নিয়ে কথা বলতে পছন্দ করি না। আর ওই লাল কার্ডের সিদ্ধান্তটি সঠিক ছিল কি না সে ব্যাপারেও আমি নিশ্চিত নই। তবে যাই হোক, ওটাই ছিল সিদ্ধান্ত। এরপর থেকে মাঠে একজন খেলোয়াড় কম নিয়ে খেলাটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। ভারতীয় দলের মধ্যে প্রবল উদ্দীপনা ছিল, তাই তারা খেলায় ফিরে আসে এবং খুব দ্রুতই গোল করে ১-১ সমতা ফেরে। তখন খেলা নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়ে। কিন্তু আমি যেমনটা বলি, এটাই ফুটবল। দুটি ভুল এবং দুটি সেট-পিস থেকে গোল হজম করায় আমরা ভীষণ হতাশ এবং শিরোপা জেতার এই দারুণ সুযোগটি কাজে লাগাতে পারলাম না।’

ভারতের আধিপত্য স্বীকার করে পাকিস্তানের কোচ আরও বলেন, ‘আমি যেমনটা বলছি, এখন সিদ্ধান্ত নিয়ে আফসোস করে লাভ নেই। ভিএআর-এর পেছনেও শেষ পর্যন্ত মানুষই কাজ করে, তাই ভুল হতেই পারে। আমরা সবাই ভুল করি। তারা কীভাবে বিষয়টি দেখছে, সিদ্ধান্ত তার ওপরই নির্ভর করে। তবে ১০ জন নিয়ে খেলাটা আমাদের জন্য সত্যিই কঠিন ছিল, বিশেষ করে কয়েক দিন আগেই আমরা একটি ম্যাচ খেলেছি, ফলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। তবুও আমি ভারতকে কৃতিত্ব দেব; তারা দুটি সেট-পিস থেকে সুযোগ কাজে লাগিয়েছে। এ কারণেই আমরা ভীষণ হতাশ।’

‘এটাই ফুটবল। আমি আবারও বলব, ভারতের অসাধারণ সব খেলোয়াড় আছে, তাদের খুব ভালো একটি লিগ আছে। আমাদের স্বীকার করতেই হবে যে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে। পাকিস্তানের ফুটবলের সাথে তুলনা করলে, গত ১০-১৫ বছর ধরে ভারতের লিগ বেশ ভালো চলছে। তাই আমাদের এটি মেনে নিতেই হবে। আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নেব এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

‘আগামী বছর আমাদের মার্চ মাসে এবং অন্যান্য অফিশিয়াল ম্যাচ আছে, যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের বড় লক্ষ্য ও স্বপ্ন আছে। আশা করি পাকিস্তান আগামীতে এশিয়ান কাপ বা বিশ্বকাপেও খেলতে পারবে, কেন নয়?’ এশিয়ান কাপ ও বিশ্বকাপের স্বপ্ন দেখতে থাকা পাকিস্তানের কোচ বলছিলেন।

বিষয়:জুনাইদ পাকিস্তান ভারত ভিএআর সাফ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…