এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, আজ যান্ত্রিক ত্রুটির কারণে মুজাফফারাবাদের কাছে পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারের সকল আরোহী মারা গেছেন। তবে দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে মুজাফফারাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনে একটি প্রতিবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ করার পর সংগঠনটির সদস্যরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।
হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকিস্তান সেনাবাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।







