প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী মধুপুর উপজেলার লোকদেও এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর থেকে আনারসবোঝাই একটি অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ থানার হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





