নারী নির্যাতন, বাল্যবিয়ে ও অনলাইন হয়রানি নিয়ে সাংবাদিকদের রিপোর্ট আহ্বান ইউএনএফপি’র

ছবি: সংগৃহীত।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, অনলাইন হয়রানি এবং ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো তুলে ধরতে বাংলাদেশের সাংবাদিকদের কাছ থেকে স্টোরি পিচ আহ্বান করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। ২০২৬ সালের ১৬ দিনব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচিকে সামনে রেখে এ মিডিয়া ফেলোশিপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচি চলবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্যে গুরুত্ব দেওয়া হয়েছে ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করার ওপর।
ইউএনএফপিএ জানিয়েছে, বাংলাদেশের নারীদের প্রতি সহিংসতা এখনো একটি গুরুতর মানবাধিকার সমস্যা। ২০২৪ সালের নারী নির্যাতন জরিপ অনুযায়ী, দেশের প্রতি চারজন নারীর মধ্যে তিনজনই জীবনের কোনো না কোনো পর্যায়ে সহিংসতার শিকার হয়েছেন। আর প্রায় দুই-তৃতীয়াংশ নারী তাদের অভিজ্ঞতার কথা কখনো কারও সঙ্গে শেয়ার করেননি। আইন ও নীতিমালা থাকা সত্ত্বেও সহিংসতা প্রতিরোধ, বিচারপ্রাপ্তি, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং ভুক্তভোগীদের সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা ঘাটতি রয়েছে।
এই বাস্তবতায় অনুসন্ধানী, তথ্যনির্ভর ও মানবিক সাংবাদিকতাকে উৎসাহিত করতে এ ফেলোশিপ চালু করেছে সংস্থাটি। এর আওতায় মোট ১০ জন সাংবাদিককে নির্বাচিত করা হবে। নির্বাচিত সাংবাদিকরা এক মাসের মধ্যে অনুমোদিত বিষয় নিয়ে গবেষণা, তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করবেন।
ফেলোশিপের আওতায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি, বাল্যবিয়ে ও অন্যান্য ক্ষতিকর সামাজিক প্রথা, প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য, আইন প্রয়োগ ও বিচারপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং সহিংসতা প্রতিরোধে কমিউনিটিভিত্তিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন তৈরির সুযোগ থাকছে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনের যোগ্যতা হিসেবে সাংবাদিকতায় কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের জাতীয় সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি ফ্রিল্যান্স ও স্বাধীন সাংবাদিকরাও আবেদন করতে পারবেন। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিও—সব মাধ্যমের সাংবাদিকদের জন্য এ সুযোগ উন্মুক্ত। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ের সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
আবেদন মূল্যায়ন করা হবে কীভাবে?
জমা দেওয়া স্টোরি পিচের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা, নতুনত্ব, জনস্বার্থ, বাস্তবায়নযোগ্যতা, তথ্য-প্রমাণের ভিত্তি, নৈতিক বিবেচনা এবং সম্ভাব্য প্রভাবের ওপর ভিত্তি করে আবেদন মূল্যায়ন করা হবে। নির্বাচিত সাংবাদিকদের জন্য থাকবে একটি ওরিয়েন্টেশন সেশন। এতে ইউএনএফপিএর কার্যক্রম, অগ্রাধিকারভিত্তিক বিষয় এবং জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতার নির্দেশনা তুলে ধরা হবে।
নির্বাচিত ফেলো’র জন্য যা থাকবে?
প্রতিটি নির্বাচিত ফেলো পাবেন নির্ধারিত সম্মানী ও সনদ। পাশাপাশি সেরা তিনটি প্রতিবেদনকে দেওয়া হবে বিশেষ স্বীকৃতি। ফেলোশিপের আওতায় তৈরি প্রতিবেদন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশ বা সম্প্রচার করতে হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে। ফ্রিল্যান্স ও স্বাধীন সাংবাদিকদের ক্ষেত্রে প্রকাশনার ব্যবস্থা আগেই নিশ্চিত করতে হবে।
প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কী গুরুত্ব দিতে হবে?
প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয়, ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিশু ও কিশোর-কিশোরীদের বিষয়ে বাড়তি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ এবং ভুক্তভোগীকে দোষারোপ করে—এমন ভাষা ও উপস্থাপন এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে ইউএনএফপিএ।
স্টোরি পিচ কবে জমা দিতে হবে?
আগ্রহী সাংবাদিকদের আগামী ২২ নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজস্ব স্টোরি পিচ জমা দিতে হবে। আবেদন করা যাবে বাংলা অথবা ইংরেজি ভাষায়।
ইউএনএফপিএ জানিয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য গণমাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার অনালোচিত ঘটনা তুলে ধরা, ক্ষতিকর সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখা এবং সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতাকে আরও কার্যকর করা।





