ইতিহাসের এই দিনে: কামাল আতাতুর্কের প্রয়াণ

তুরস্কের ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। অটোমান সাম্রাজ্যের পতনের পর একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুরস্ককে গড়ে তোলার প্রধান স্থপতি মুস্তাফা কামাল আতাতুর্ক। সামরিক নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং ব্যাপক সংস্কার কর্মসূচির মাধ্যমে তিনি বদলে দিয়েছিলেন একটি দেশের রাজনৈতিক ও সামাজিক গতিপথ।
আজ ১০ নভেম্বর, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের ৮৮তম মৃত্যুবার্ষিকী।
১৮৮১ সালে তৎকালীন অটোমান সাম্রাজ্যের সালোনিকায় জন্মগ্রহণ করেন মুস্তাফা কামাল। শহরটি বর্তমানে গ্রিসের থেসালোনিকি নামে পরিচিত। সামরিক শিক্ষায় শিক্ষিত কামাল প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্যালিপলি অভিযানে অটোমান বাহিনীর নেতৃত্ব দিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার সামরিক দক্ষতা ও নেতৃত্ব তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে।
প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর বিদেশি শক্তিগুলোর দখলদারিত্ব ও সাম্রাজ্য বিভক্তির পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন মুস্তাফা কামাল। তার নেতৃত্বে ১৯১৯ সালে শুরু হয় তুরস্কের স্বাধীনতাসংগ্রাম। কয়েক বছরের সামরিক ও রাজনৈতিক লড়াইয়ের পর ১৯২৩ সালের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় তুরস্ক প্রজাতন্ত্র। নতুন রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
ক্ষমতায় এসে আতাতুর্ক রাষ্ট্র ও সমাজব্যবস্থায় একের পর এক মৌলিক সংস্কার চালু করেন। ১৯২২ সালে সুলতানতন্ত্র বিলোপ এবং ১৯২৪ সালে খিলাফত বিলুপ্তির মধ্য দিয়ে অটোমান শাসনব্যবস্থার অবসান ঘটে। রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব কমিয়ে ধর্মনিরপেক্ষ আইন ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
শিক্ষা, বিচারব্যবস্থা, ভাষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন তিনি। নারীদের রাজনৈতিক অধিকার সম্প্রসারণের ধারাবাহিকতায় ১৯৩৪ সালে জাতীয় নির্বাচনে ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা হয়। একই বছর তুরস্কের পার্লামেন্ট তাকে ‘আতাতুর্ক’ উপাধি দেয়, যার অর্থ ‘তুর্কিদের পিতা’।
আতাতুর্কের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি ছিল শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক। তর সঙ্গে যুক্ত বহুল পরিচিত নীতি: ‘দেশে শান্তি, বিশ্বে শান্তি’ তুরস্কের কূটনৈতিক চিন্তায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
তবে তার সংস্কার ও শাসনপদ্ধতি বিতর্কের ঊর্ধ্বে ছিল না। আধুনিকায়নের পাশাপাশি তার আমলে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা, বিরোধী মতের ওপর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় পরিচয় নির্মাণে কঠোর নীতির প্রয়োগ দেখা যায়। বিশেষত ধর্মীয় ও জাতিগত পরিচয় নিয়ে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ আজও ঐতিহাসিক আলোচনার বিষয়।
দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার পর ১৯৩৮ সালের ১০ নভেম্বর, সকাল ৯টা ৫ মিনিটে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন মুস্তাফা কামাল আতাতুর্ক। তার মৃত্যুতে তুরস্কজুড়ে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে আঙ্কারায় অবস্থিত আনিতকাবির সমাধিসৌধে তার মরদেহ সমাহিত রয়েছে।
প্রতিবছর ১০ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তুরস্কজুড়ে সাইরেন বাজিয়ে এবং নীরবতা পালনের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠান, পুষ্পস্তবক অর্পণ ও নানা স্মরণ আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয় তার অবদান।
মুস্তাফা কামাল আতাতুর্ক কেবল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, তুরস্কের জাতীয় পরিচয়, রাষ্ট্রব্যবস্থা ও আধুনিকতার ধারণাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। মৃত্যুর ৮৮ বছর পরও তার রাজনৈতিক দর্শন, সংস্কার এবং নেতৃত্ব তুরস্কের জাতীয় জীবনে গভীর প্রভাব বিস্তার করে চলেছে।






