ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের সাথে সৌদি প্রো লিগের দল আল হিলালের চুক্তির মেয়াদ আছে এ মৌসুমের শেষ পর্যন্ত। এখনও ক্লাবটি থেকে নতুন চুক্তির কোনো আলোচনা হয়নি ৩২ বর্ষীর সাথে। এরমধ্যে মেজর লিগ সকারের তিনটি ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
নেইমারকে টানতে আগ্রহ আছে শিকাগো ফায়ার এফসির, জানাচ্ছে ইএসপিএন। তবে আগ্রহ নেই বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ইন্টার মিয়ামির। দলটির ম্যানেজার হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, নেইমারকে দলে টানা প্রায় অসম্ভব। তবে শিকাগো ফায়ার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
প্যারিস সেইন্ট জার্মেইন থেকে ৯৭.৬ মিলিয়ন ডলারে ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান নেইমার। এরপর তিনি বাঁ-হাঁটুর চোটে পড়েন আল হিলালে যোগ দেয়ার পরই। এ মৌসুমের অক্টোবরে মাঠে ফিরেছিলেন, একই ম্যাচে আবার চোটে পড়েন। তবে নেইমারকে ছাড়াই লিগ শিরোপা জিতেছিল আল হিলাল।







