পশ্চিমবঙ্গ সরকার, সরকারি কর্মচারীদের গণমাধ্যমে তথ্য প্রচার ও জনসম্মুখে মত প্রকাশের বিষয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
গত মঙ্গলবার ১৯ মে মুখ্য সচিবের কার্যালয় থেকে জারি করা এ নির্দেশনায় সরকারি কর্মীদের জন্য বিভিন্ন সীমাবদ্ধতা পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বভারতীয় পরিষেবা (এআইএস), পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং রাজ্য সরকারের অধীন অন্যান্য কর্মচারীদের আচরণ বিদ্যমান আইন ও আচরণবিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এসব বিধিমালায় সরকারি কর্মীদের গণমাধ্যম, সংবাদপত্র ও প্রকাশনায় অংশগ্রহণের সীমা নির্ধারণ করা আছে।

নির্দেশনা অনুযায়ী, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বা ব্যক্তিগতভাবে প্রযোজিত কোনো মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে সরকারি অনুমোদন ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কোনো নথি বা তথ্য আদান-প্রদানেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া সরকারের অনুমতি ছাড়া সংবাদপত্র, সাময়িকী বা অন্য কোনো প্রকাশনার সম্পাদনা, ব্যবস্থাপনা বা লেখালেখিতে অংশ নেওয়া, বেতার সম্প্রচারে যুক্ত হওয়া কিংবা কোনো প্রবন্ধ বা চিঠি লেখার ক্ষেত্রেও বিধিনিষেধের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো সরকারি কর্মচারী গণমাধ্যমে বক্তব্য, আলাপচারিতা, প্রকাশনা বা সম্প্রচারের মাধ্যমে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরূপ সমালোচনায় অংশ নিতে পারবেন না। একইভাবে এমন কোনো মন্তব্য বা প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার, অন্য রাজ্য সরকার বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের স্বাক্ষরিত এ নির্দেশনা রাজ্য সরকারের আওতাধীন বোর্ড, করপোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি অর্থায়নপ্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।








