সেনেগালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরেছিল বেলজিয়াম। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বিতর্কিত পেনাল্টিতে ৩-২ গোলের জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। সেই বিতর্কিত পেনাল্টি নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক গ্যারি নেভিল। বলেছেন, আমার মনে হয় না ওটা পেনাল্টি ছিল।
৮৬ মিনিটে রোমেলু লুকাকুর গোলে আশা জাগায় বেলজিয়াম। তিন মিনিট পর বেলজিয়াম অধিনায়ক ইউরি টেলেসমান্সের হেডে সমতায় ফেরে দলটি। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে ডি বক্সে টেলেসমান্সকে ফাউল করেন লামিনে কামারা। বিতর্কিত এক পেনাল্টি পেয়ে ম্যাচ জেতে বেলজিয়াম।
পেনাল্টিটি নিয়ে ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ধারাভাষ্যকার নেভিল বলেছেন, ‘আমার কাছে সত্যিই মনে হয় না পেনাল্টি ছিল।’
পেনাল্টি নিয়ে ইংল্যান্ডের আরেক সাবেক রয় কিন বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তটি কিছুটা কঠোর ছিল এবং রেফারি বিষয়টির পরীক্ষা করতে অনেক সময় নিয়েছিলেন। রেফারির সিদ্ধান্তে দৃঢ়তা থাকাটা জরুরি। অথচ তিনি দীর্ঘ সময় ধরে দ্বিধায় ভুগছিলেন।’
শেষদিকের তিন গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। নকআউটের এ পর্বে তাদের প্রতিপক্ষ হয়েছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র।







