রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভবনটির নিচতলায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়।
তিনি বলেন, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও বাইরে একজন নৈশপ্রহরী ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পাঁচ থেকে সাত মিনিট পর তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলায় এরিয়া অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং ওপরের তলায় অডিট অফিস রয়েছে। এই জোনাল অফিসের অধীনে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং আটটি এরিয়া অফিস পরিচালিত হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এতে ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি বা সম্পদের কোনো ক্ষতি হয়নি।
ওসি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।






