ঢাকায় নেমেই বগুড়ায় উড়ে গেলেন বলিউডের মুকেশ

বলিউডে খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকেশ ঋষি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।
সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন এই বলিউড অভিনেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।
‘প্রিয়তমা’ সিনেমার এই প্রযোজক জানান, ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন তিনি। এ সময় সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
‘নসিব’ পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। তিনি জানান, বর্তমানে বগুড়ায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। সেখানে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে বলে আশা প্রকাশ করেন পরিচালক।
তিনি আরও জানান, সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের কাজ, যেখানে যুক্ত হচ্ছেন বলিউডের এই পরিচিত অভিনেতা।
আরশাদ আদনানের গল্পভাবনা ও প্রযোজনায় নির্মিত হচ্ছে নসিব। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, সিনেমাটিতে একজোড়া নতুন মুখ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।






