ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে।
স্থানীয় সময় শনিবার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু একজন কঠিন মানুষ হলেও যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি তার স্বীকার করা উচিত। তিনি বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ত এবং দেশটি দীর্ঘ সময় টিকে থাকতে পারত না।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নতুন চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন আরও সহজ হবে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি ভবিষ্যতে পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন যে, ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অভিনন্দন জানান এবং জানান, হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এক পোস্টে তিনি জানান, আগামী শুক্রবার থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে।
যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন সমঝোতা চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। তবে চুক্তি প্রণয়নের আলোচনায় ইসরায়েল অংশ না নেওয়ায় দেশটির কর্মকর্তাদের মধ্যে এনিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।







