স্বাস্থ্য

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ ছাড়া আরও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, বাড়ে চিকিৎসার ব্যয়ও। অ্যান্টিবায়োটিকের অকার্যকর হয়ে পড়ার এই ঝুঁকি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর এক হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।

এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণে পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।

তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালুর উদ্যোগ নিয়েছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করা হবে। এতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারসহ চিকিৎসাসেবা ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের সরকারি হাসপাতালগুলোর ফার্মেসিকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিনামূল্যের ওষুধের অপচয় রোধ এবং সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা হবে।

চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি।

কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসায় কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে। তবে অনেক জ্যেষ্ঠ চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকও এসব প্রটোকল সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এ ধরনের ঘাটতি চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজার সাংগে ওয়াংমো প্রমুখ।

বিষয়:অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ড. এম এ মুহিত ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…