বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ: চার বিষয়ে একমত ট্রাম্প-পুতিন-শি

বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। পারমাণবিক ঝুঁকি হ্রাস, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারিক এখতিয়ার নিয়ে অভিন্ন অবস্থান তুলে ধরেছেন তিন নেতা।
সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের ঘোষণা’ শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়েছে।
যৌথ ঘোষণায় বলা হয়, বৈঠকে তিন নেতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন। একই সঙ্গে বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
যৌথ ঘোষণার প্রথম দফায় জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে আরও কার্যকর ও শক্তিশালী করার অঙ্গীকার করেছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটির সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিন নেতা।
দ্বিতীয় দফায় পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। বিশ্বের সব দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এ উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
তৃতীয় দফায় রাষ্ট্রের সম্মতি ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির গুরুত্ব তুলে ধরেছেন তিন রাষ্ট্রপ্রধান। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) এই ধরনের অন্যান্য সংস্থা যেন তাদের বিচারিক এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে অভিন্ন অবস্থান প্রকাশ করেছেন তারা।
যৌথ ঘোষণার চতুর্থ ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল পারমাণবিক অস্ত্র ও যুদ্ধের ঝুঁকি হ্রাস। এতে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়। এছাড়া পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে পারস্পরিক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিন দেশের রাষ্ট্রপ্রধানরা।






