মতামত

তিন পরাশক্তির বৈঠক: দক্ষিণ এশিয়া আর বাংলাদেশের জন্য কী লাভ কী ক্ষতি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে সর্বপ্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে সর্বপ্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন

চীনের শেনজেনে যা হলো, তা বৈশ্বিক পরিস্থিতিতে আগে খুবই কম হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিন পিং আর রাশিয়ার ভ্লাদিমির পুতিন এক টেবিলে বসলেন। এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠক ছিল তিন দেশের শীর্ষ নেতাদের প্রথম ত্রিপক্ষীয় বসা। ছবি তোলা হলো, হাত মেলানো হলো, একটি যৌথ ঘোষণাও এলো। কিন্তু বড় কোনো সমাধান এই বৈঠক থেকে বের হয়ে আসেনি।

বৈঠকে আসলে কী হলো, আর বৈঠকের পরে কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নানা প্রতিবেদন আর মতামত কলাম ছেপেছে, সেই সূত্রে এই লেখা।

হোয়াইট হাউসের প্রকাশিত যৌথ ঘোষণায় চারটি কথা ছিল। জাতিসংঘের সংস্কার, পরমাণু ঝুঁকি কমানো নিয়ে আলোচনা চালানো, সব দেশের জন্য পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো, আর আন্তর্জাতিক আদালত যেন তার এখতিয়ারের বাইরে না যায় সেই তাগিদ। পুরনো একটি লাইনও নতুন করে বলা হলো, ‘পরমাণু যুদ্ধে কেউ জেতে না, তাই এই যুদ্ধ কখনো লড়া উচিত নয়।’ খেয়াল করার মতো বিষয় হলো, ঘোষণায় ইউক্রেন বা ইরানের নাম একবারও আসেনি।

ইরান যুদ্ধ আর হরমুজ

এই বৈঠকের আসল চাপ ছিল ইরান যুদ্ধ। যুদ্ধটা তখন প্রায় ৮০ দিন হতে চলেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল আর গ্যাস সরবরাহ আটকে আছে, জ্বালানির দাম আকাশছোঁয়া। ট্রাম্প চেয়েছিলেন শি যেন ইরানকে বুঝিয়ে প্রণালিটা খুলে দেন, কারণ চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু শি তার অবস্থান বদলাননি। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ আলোচনার পরও ইরান প্রশ্নে দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠকের পর ট্রাম্প বললেন, দুজনেই একমত যে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা চলবে না, আর দুজনেই চান হরমুজ খোলা থাকুক। বাস্তবে অবশ্য চীন আগেই ইরানের সঙ্গে আলাদা বোঝাপড়া করে নিয়েছে, নির্দিষ্ট মাশুল দিয়ে চীনা ট্যাঙ্কার হরমুজ দিয়ে যাচ্ছে। অর্থাৎ ইরান নিজের হাতে চাবিটা রেখে দিয়েছে, আর সেই চাবির দিকে তাকিয়ে আছে চীন। যুক্তরাষ্ট্রের জন্য এটা অস্বস্তির, কারণ ঘরের ভেতরে তেলের দাম আর অজনপ্রিয় যুদ্ধ দুটোই ট্রাম্পকে ভোগাচ্ছে।

বৃহৎ শিপিং জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
হরমুজ প্রণালী, ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যু

ইউক্রেন নিয়ে বৈঠকে সরাসরি কিছু হয়নি। মজার ব্যাপার, এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব পুতিনই দিয়েছিলেন, অক্টোবরে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময়, মূল লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ থামানো। অথচ শেষ পর্যন্ত আমেরিকা ইউক্রেন প্রসঙ্গ এই টেবিলে তুলতে চায়নি বলেই খবর। পুতিনের জন্য লাভটা অন্য জায়গায়। ট্রাম্প আর শি-র পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে বিশ্বমঞ্চে তার একঘরে হয়ে থাকার দিন শেষ, এটাই তার বড় কূটনৈতিক প্রাপ্তি।

গাজা প্রসঙ্গে নীরবতা

গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে যৌথ ঘোষণায় কিছু বলা হয়নি। তবে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিয়ে যে লাইনটা ঢোকানো হলো, সেটা কূটনীতির ভাষায় পড়লে বোঝা যায় তিন দেশই চায় না আইসিসির মতো সংস্থা রাষ্ট্রনেতাদের বিচারে হাত দিক। এই সতর্ক ভাষাই বলে দেয়, বড় শক্তিগুলো নিজেদের আর বন্ধুদের জবাবদিহির বাইরে রাখতে চায়।

শুল্ক আর বাণিজ্য

ট্রাম্পের শুল্কনীতি এই বৈঠকের গুরুত্বপূর্ণ ছায়াসঙ্গী। চীনের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্য যুদ্ধবিরতি চলছে। আর ভারতের ওপর বসেছে ৫০ শতাংশ শুল্ক, কারণটা রাশিয়ার তেল কেনা। এখানেই বিষয়টি বেশি নজরে ছিল। ওয়াশিংটনের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আগেই বলেছিলেন, পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি হন, তাহলে ভারতের ওপর থেকে চাপটা কমতে পারে। অর্থাৎ শুল্ক, যুদ্ধ আর তেল, সব সুতো একই জায়গায় বাঁধা।

ভারতের অস্বস্তি

এই বৈঠক সবচেয়ে বেশি নাড়া দিয়েছে দিল্লিকে। ভারত এতদিন ‘কৌশলগত স্বাধীনতা’র কথা বলে তিন শক্তির মাঝখানে জায়গা করে দারুণ সুবিধা নিচ্ছিল। রাশিয়া থেকে তেল আর অস্ত্র, আমেরিকার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব, আর চীনকে ঠেকাতে কোয়াড, এই ৩ নৌকায় পা রেখে চলছিল। এখন ট্রাম্প আর শি যদি নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ান, ভারতের দর-কষাকষির জায়গা ছোট হয়ে আসতে পারে।

ম্যানিলায় কোয়াডের নেতারা দুই বছরের বেশি সময় পর আবার বসেছিলেন, কিন্তু শেনজেনের বৈঠকের নিচে সেই খবর চাপা পড়ে গেছে। ট্রাম্প আগে একবার টিপ্পনী কেটেছিলেন, মনে হচ্ছে ভারত আর রাশিয়াকে তিনি চীনের হাতে হারিয়ে ফেলছেন।

দিল্লির হুডসন ইনস্টিটিউটের অপর্ণা পান্ডের মতে, আমেরিকা-চীন সম্পর্কে যেকোনো বদল ভারত-চীন আর ভারত-আমেরিকা সম্পর্কেও ঢেউ তোলে। ভারতের একটাই সান্ত্বনা, আমেরিকা-রাশিয়া সম্পর্ক ভালো হলে রাশিয়ার তেল কেনা নিয়ে তার ওপর চাপ কিছুটা হালকা হয়।

বাংলাদেশের জন্য ডিএফসির দরজা খোলা

ঠিক এই সময়েই বাংলাদেশের জন্য একটা খবর এসেছে, যেটা বড় খেলার সঙ্গে মিলিয়ে না পড়লে পুরোটা বোঝা যায় না। ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি), বাংলাদেশকে তাদের অর্থায়নের জন্য যোগ্য দেশ ঘোষণা করেছে। এতে জ্বালানি, অবকাঠামো আর প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগ আসার পথ তৈরি হলো। পিএমওর মুখপাত্র মাহদি আমিন জানান, বাংলাদেশ ডিএফসির অর্থায়নের যোগ্যতা পেয়েছে, আর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

এটা মোটেও কোনো ছোট ঘটনা নয়। শ্রম অধিকার নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ এতদিন এই তালিকার বাইরে ছিল। ওয়াশিংটন অবস্থান বদলানোয় দরজাটা খুলল। আর ডিএফসি সাধারণ কোনো ব্যাংক নয়, এটা যুক্তরাষ্ট্র সরকারের বিনিয়োগ শাখা, তাদের অর্থনৈতিক কূটনীতির হাতিয়ার। যেখানে ডিএফসির টাকা যায়, সেখানে আমেরিকার কৌশলগত আগ্রহও যায়।

DFC
সংগৃহীত

শেনজেনে তিন নেতা যখন বড় ভাগাভাগির হিসাব কষছেন, তখন ছোট দেশের উঠানে এই ধরনের অর্থনৈতিক পা রাখা একই ছকের অংশ। চীন যেখানে ঋণ আর অবকাঠামো দিয়ে ঢুকছে, আমেরিকা সেখানে বিনিয়োগ আর শুল্ক ছাড় দিয়ে পাল্টা জায়গা নিচ্ছে।

৫ আগস্টের আগে আর পরে

এখন আরেকটি প্রশ্নের জবাব খোঁজা যেতে পারে, ৩ নেতার বৈঠকের পরে বাংলাদেশের ওপর ভারতের পুরনো প্রভাব কি কমবে? উত্তর খুঁজতে একটু পেছনে তাকাতে হয়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে বাংলাদেশ অনেকটা ভারতের বলয়ে আটকে ছিল, নিরাপত্তা থেকে বাণিজ্য, বড় সিদ্ধান্তগুলো দিল্লির ইচ্ছার বাইরে সহজে যেত না। শেখ হাসিনার সরকারের পতনের পর সেই একচ্ছত্র প্রভাব অনেকটা আলগা হয়েছে। সেই ফাঁকা জায়গায় যুক্তরাষ্ট্র আর চীন দুই পক্ষই পা বাড়িয়েছে, ঢাকার দরকষাকষির জায়গাও আগের চেয়ে বড় হয়েছে।
জনগণের সমাবেশে বাংলাদেশের পতাকা উড়ছে, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাব কমা মানে অবশ্য ঝামেলা শেষ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির নেতারা বারবার অভিযোগ করেছেন, ভারতে আশ্রয় নেওয়া পতিত আওয়ামী লীগ ভেতরে আর বাইরে মিলে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অক্টোবরে রাজশাহীর এক সমাবেশে তারেক রহমান জানান, তাদের কাছে স্পষ্ট তথ্য আছে যে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক অসন্তোষে টাকা জোগাচ্ছেন। দেশের ভেতরের সবচেয়ে বড় অনিশ্চয়তা এখন এই রাজনৈতিক টানাপোড়েন। দেশজুড়ে নতুন করে শুরু হওয়া নানা সংহিসতা আবারও পরিস্থিতি গরম করেছে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্ক ১৯ শতাংশে নামিয়েছে, বাণিজ্য চুক্তি করেছে, আর এখন ডিএফসির দরজা খুলল। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে খোলাখুলি উদ্বেগ জানিয়েছেন। অর্থাৎ ওয়াশিংটনের কাছে বাংলাদেশ এখন শুধু বাণিজ্যের বাজার নয়, চীনকে ঠেকানোর একটা জায়গাও। এই দুই শক্তির দরকষাকষির মধ্যে বাংলাদেশের নিজের জায়গাটা বাড়ে, আর যত নতুন দরজা খোলে, কোনো একটি প্রতিবেশীর ওপর একতরফা নির্ভরতা তত কমে আসে।
গার্মেন্টস শ্রমিকরা বেতন-ভাতা পেতে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বড় শক্তির মিলেমিশে চলা কি কাজে লাগবে

আশাবাদী দৃষ্টিতে দেখলে যুক্তি সোজা, যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ার মধ্যে উত্তেজনা কমলে আর তিন পক্ষেরই যদি বাংলাদেশে বিনিয়োগ থাকে, তাহলে তারা সবাই চাইবে দেশটা শান্ত থাকুক। যার টাকা যেখানে খাটে, সে সেখানে গোলমাল চায় না। এই হিসাবে বড় শক্তিগুলো পরোক্ষে অস্থিরতা বা ষড়যন্ত্রের বিপক্ষে চাপ হয়ে দাঁড়াতে পারে, কারণ রাজনৈতিক গোলযোগ তাদের বিনিয়োগের জন্যও ঝুঁকি।

কথাটা ভুল নয়, তবে পুরোটা সত্যি ভাবলে ভুল হতে পারে। বড় শক্তি সেখানেই টাকা ঢালে যেখানে তার নিজের স্বার্থ আছে, আর কোনো দেশের ভেতরের রাজনীতি পাহারা দেওয়া তাদের কাজ নয়। তাছাড়া শেনজেনে তিন নেতা হাত মেলালেও বাংলাদেশ নিয়ে তাদের স্বার্থ আসলে আলাদা, কোথাও কোথাও উল্টো। ওয়াশিংটন চায় চীনকে ঠেকাতে, বেইজিং চায় নিজের প্রভাব বাড়াতে। এই প্রতিযোগিতা বাংলাদেশকে জায়গা দেয়, আবার ভুল সময়ে একই প্রতিযোগিতা চাপও হয়ে ওঠে। বিনিয়োগ কী শর্তে আসছে, সেটা না দেখে উৎসাহিত হওয়ার কিছু নেই।

সস্তা জ্বালানি কি মিলবে

সাধারণ মানুষের কাছে এই বৈঠকের সবচেয়ে সরাসরি যোগ জ্বালানির দাম। বাংলাদেশ তার তেল আর জ্বালানির প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আনে। হরমুজ বন্ধ থাকায় দাম যত বাড়ে, বাজেট আর বাজারে তার ধাক্কা তত সরাসরি লাগে। ইতিমধ্যে বাংলাদেশ জ্বালানি কিনতে কিনতে ও ভর্তুকি দিয়ে ক্লান্ত। তিন নেতা জ্বালানি সরবরাহ বাড়ানোর কথা বলেছেন, কিন্তু কাগজের কথা আর বাজারের দাম এক নয়।

রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক নরম হলে বাংলাদেশের জন্য একটা জানালা খুলতে পারে। রাশিয়া আগেও কম দামে তেল বেচার প্রস্তাব দিয়েছে, আর এ বছর ঢাকা মার্কিন নিষেধাজ্ঞার ছাড় চেয়ে রুশ ডিজেল আনার চেষ্টা করেছে, যুক্তরাষ্ট্র ৬০ দিনের একটা ছাড়ও দিয়েছিল। বড় শক্তির রেষারেষি কমলে এমন ছাড় পাওয়া সহজ হতে পারে, সস্তা রুশ জ্বালানির পথও কিছুটা চওড়া হতে পারে। তবে একটা বাস্তব বাধা আছে, রাশিয়া বেচে বেশির ভাগই অপরিশোধিত তেল, আর বাংলাদেশের দরকার পরিশোধিত জ্বালানি, যা শোধনের সক্ষমতা দেশে সীমিত।
তিন পরাশক্তির বৈঠক: দক্ষিণ এশিয়া আর বাংলাদেশের জন্য কী লাভ কী ক্ষতি
শেনজেনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বৈঠককে তাই এক জায়গায় থেমে যাওয়া কোনো ঘটনা ভাবলে ভুল হবে। বড় সমাধান না এলেও তিন বড় শক্তি যে আলাদা করে নয়, একসঙ্গে বসার পথ খুঁজছে, সেটাই নতুন এবং বিরাট প্রাপ্তি। বাংলাদেশের জন্য এর ভেতরে সুযোগ আছে, ঝুঁকিও আছে। এক প্রতিবেশীর বলয় থেকে বেরিয়ে আরেক শক্তির কোলে গিয়ে বসা নয়, সবার সঙ্গে দরদাম করে নিজের শর্তে চলার সামর্থ্যটাই আসল লক্ষ্য হতে পারে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র শি জিনপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…