ইয়াসির-নাঈমকে ফিরিয়ে ওয়ানডে দল বাংলাদেশের, আছেন আরও কারা
সাউথ আফ্রিকা সফর

সাউথ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাঈম শেখের ফেরা। নাঈম এক বছর পর এবং ইয়াসির ফিরেছেন সাড়ে তিন বছর পর।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলমান টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। দ্বিতীয় ওয়ানডে ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে গড়াবে।
তিনটি ম্যাচই দিবারাত্রির। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট) ম্যাচগুলো শুরু হবে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরী, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।



