মোদি-বালেন বৈঠকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ
৮ সমঝোতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।
একই সঙ্গে নেপালের উন্নয়ন ও পুনর্গঠনে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি।
সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ বক্তব্যে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।
বৈঠকে ৩৫ বছর বয়সী বালেন শাহের নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, চলতি বছর নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্খার প্রতিফলন। জাতিসংঘে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহের দেওয়া বক্তব্যেও তার দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের পরিচয় পাওয়া গেছে।
মোদি বলেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়, দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের আকাঙ্খা ও চ্যালেঞ্জগুলোও অনেকটা একই রকম। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর ঐতিহ্য রয়েছে তাদের। নেপালের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
নেপালে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখার বিষয়টিও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, চলতি বছর জ্বালানি সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিবেশীকে জ্বালানি, সার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে ভারত।
অন্যদিকে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান বালেন শাহ।
তিনি বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিশাল ভারত-নেপাল সম্পর্ক। দুই দেশের ঘনিষ্ঠতা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক দুর্যোগসহ কঠিন সময়ে ভারত সব সময় নেপালের পাশে দাঁড়িয়েছে। এ জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক সই হয়।
এ ছাড়া দুই নেতা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন কিছু উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব উদ্যোগ দুই দেশের সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।


