আন্তর্জাতিক

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে নেই কার্যকর কোনো চুক্তি

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে নেই কার্যকর কোনো চুক্তি

বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ, আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো চুক্তি বা কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে তিন পরাশক্তির নেতাদের এই বৈঠক বিশ্বজুড়ে কূটনৈতিক আলোচনার জন্ম দিলেও এর বাস্তব ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ ২০ নভেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ বৃদ্ধি, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা এবং পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা হয়। তবে এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট যৌথ পরিকল্পনা বা বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত সামনে আসেনি।

বৈঠকে তিন দেশের পক্ষ থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানোর অঙ্গীকারের কথা জানানো হয়। কিন্তু ঘোষণার পরও বৃহস্পতিবার জ্বালানি বাজারে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

শি জিনপিং বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে। অন্য দেশগুলোর জন্য উদাহরণ তৈরি করা উচিত তাদের। পুতিনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন দেশের ভূমিকার কথা বলেন। অন্যদিকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘বিপথগামী বৈশ্বিক সংগঠন’ আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান জানান।

তিন নেতার বৈঠককে ঘিরে ছোট ও মাঝারি দেশগুলোর ওপর বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জা ইয়ান চং বলেন, বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিলে ছোট দেশগুলোকে তার পরিণতি মেনে নিতে হতে পারে। এর বিপরীতে অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশের নেতা জাতীয় সার্বভৌমত্ব, বহুপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

শেনজেনের বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান তিন নেতার মধ্যে তখনকার মতো অভিন্ন লক্ষ্য বা শত্রু নেই। ব্লুমবার্গ ইকোনমিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ফারারের ভাষ্য, বৈঠকটি ব্যাপক গণমাধ্যমের মনোযোগ পেলেও বিশ্ব ভূরাজনীতিতে পরিবর্তন আনার মতো কোনো উল্লেখযোগ্য চুক্তি বা সুনির্দিষ্ট ফলাফল আসেনি।

এদিকে চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উ শিনবো মনে করেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার জাতীয় স্বার্থের কারণেই ভবিষ্যতেও এই ধরনের বৈঠকের প্রয়োজন থাকবে। শি জিনপিংও তিন দেশের নেতাদের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন শি জিনপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…