বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে বুধবার মাঠে নামবে নাপোলি। ম্যাচের একদিন আগে ছাঁটাই হলেন ইতালিয়ান ক্লাবটির কোচ ওয়াল্টার মাজারি। বাজে পারফরম্যান্সের জেরে চলতি মৌসুম শেষ না হতেই তাকে বরখাস্ত করা হয়েছে।
সিরি আ চ্যাম্পিয়ন দলটি বিবৃতিতে জানায়, মাজারির জায়গায় দলের কোচের দায়িত্ব পালন করবেন স্লোভাকিয়ার কোচ ফ্রান্সেস্কো ক্যালজোনা। মৌসুমের বাকি সময়টা অন্তরবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মৌসুম শেষে তার সঙ্গেই চুক্তি হবে বলে জানানো হয়েছে।
২০২২ সালে স্লোভাকিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর দলকে ইউরোর মূলপর্বে ওঠান ক্যালজোনা। তার অধীনেই আগামী জুনে জার্মানিতে ইউরো খেলবে স্লোভাকিয়া।
লুসিয়ানো স্পালোত্তির হাত ধরে স্কুদেত্তো জিতলেও তার সঙ্গে চুক্তি বাড়ায়নি নাপোলি। তার জায়গায় আনা হয় রুডি গার্সিয়াকে। কিন্তু নভেম্বরে তাকে সরিয়ে দেয়া হয়। এরপরেই দলের হাল ধরেন ইতালিয়ান কোচ ওয়াল্টার মাজারি। তবে তিন মাসও নিজের চাকরি টিকিয়ে রাখতে পারলেন না ৬২ বর্ষী কোচ।
নাপোলি ৩০ বছরেরও বেশি সময় পর গত বছর লিগ শিরোপা জেতে। বর্তমান চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমে ক্লাবের পারফরম্যান্স বেশ নাজুক। বর্তমানে টেবিলের নবম স্থানে নেমেছে। গত শনিবার নিজেদের মাঠে জেনোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পরই মাজারির ভাগ্য চূড়ান্ত হয়ে যায়।
২৪ ম্যাচে ১০ জয়, ৬ ড্র ও ৮ হারে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে নাপোলি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইন্টার মিলান। এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৪। তিনে থাকা এসি মিলানের পয়েন্ট ৫২।







