আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪ দেশ

রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪ দেশ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার (২৩ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পাশাপাশি রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা চরমভাবে লঙ্ঘন করেছে। আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।
যৌথ বিবৃতির পাশাপাশি যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা কোনোভাবেই জবাবদিহির বাইরে থাকতে পারে না।
যুক্তরাজ্যের আরোপিত নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্রিটেনে থাকা সম্পদ জব্দ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে লন্ডন।
যুক্তরাজ্য নিষেধাজ্ঞার পাশাপাশি মানবিক ও আইনি সহায়তার ঘোষণাও দিয়েছে। দেশটি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেওয়া হবে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়ন করবে ব্রিটিশ সরকার।
বিষয়:আইসিজে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমার যুক্তরাজ্য রোহিঙ্গা গণহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…